Baby on Modi's 'Dimagi Naxal'

‘দিমাগি নকশাল’: বাম গণতান্ত্রিক শক্তিকে আক্রমণই লক্ষ্য মোদীর, বললেন বেবি

জাতীয়

কেন্দ্রের বিজেপি সরকার বাম গণতান্ত্রিক শক্তিকে আক্রমণ করতে চাইছে। প্রশ্ন তুললেই আক্রমণ করতে চাইছে। সে কারণেই স্বাধীনতা দিবসের ভাষণে ‘দিমাগি নকশাল’ শব্দবন্ধ ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
লালকেল্লায় মোদীর ভাষণ প্রসঙ্গে এই সতর্কবার্তা দিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি। 
প্রবীণ সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত বলেছেন, প্রতিবাদ করা বা ভিন্নমত জানানোর অধিকার সংবিধানেই রয়েছে। ‘দিমাগি নকশাল’ বলে এই অধিকারের ওপর আক্রমণ করতে চাইছেন মোদী। 
১৫ আগস্ট স্বাধীনতার ভাষণে মোদীর ‘দিমাগি নকশাল’ ভাষণ নিয়ে সব মহলেই আলোচনা জোরালো। যন্তর মন্তরে ছাত্র-যুব অংশের প্রতিবাদের জেরে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদ ছাড়তে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। কিন্তু গত ২০ জুলাই দিল্লিতে পুলিশের ভূমিকা নিয়ে সংসদে জবাবদিহি করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বস্তুত শাহ , ২০ জুলাইয়ের ঘটনার পর, সংসদের অধিবেশনে কোনও কক্ষে যাননি। যন্তর মন্তরের আন্দোলনে সারা দেশেই ছড়িয়েছে। 
বেবি বলেছেন, একদিকে সরকার বলছে যে মাওবাদ হিংসার সমস্যা দূর করা হয়েছে। আবার প্রধানমন্ত্রী বলছেন ‘দিমাগি নকশাল’। যার অর্থ যারা চিন্তার দিক থেকে মাওবাদী বা নকশালবাদী, তাদের বিষয়ে নজর দিতে চাইছে সরকার। তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
বেবি বলেন, আমরা যদিও দেখেছি মাওবাদী ধরার নামে বিচারব্যবস্থাকে এড়িয়ে হত্যার অভিযোগ উঠছে। এখন যে বলা হচ্ছে চিন্তার দিক থেকে কারা মাওয়াদী দেখা হবে, তার অর্থ আসলে বাম গণতান্ত্রিক শক্তির ওপর বড় রকমের আক্রমণ নামিয়ে আনার ব্যবস্থা করা। প্রশ্ন করার যে কোনও উৎস বন্ধ করতে চান মোদী।
এদিকে মোদীর ভাষণ প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন প্রবীণ সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাতও। তিনি বলেছেন, মোদীজী এমন বিষয়ে বলেছেন যে প্রশ্নে সবাই জানে যে তিনি ব্যর্থ। তিনি দেশের শ্রমিকশ্রেণির প্রসঙ্গে কোনও কথাই বলেননি। গ্রামে ‘রেগা’ বাতিল করে নতুন আইন চালু করায় কাজ অর্ধেক হয়েছে এক মাসেই। সে বিষয়ে কোনও কথা বলেননি তিনি। 
কারাত বলেন, ৩২ হাজার কৃষক গত তিন বছরে আত্মহত্যা করেছেন। কোন সমৃদ্ধির কথা শোনাচ্ছেন প্রধানমন্ত্রী? তিনি বলছেন মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে চান। মহিলা সংরক্ষণের বিল তো পাশ হয়ে গিয়েছে। তিনি নতুন করে তার সঙ্গে ডিলিমিটেশনের শর্ত জুড়েছেন। নিজেদের সুবিধা মতো ভোট করার জন্য এই চেষ্টা। তাকেই মহিলা বিল বলে চালাচ্ছে। মহিলা সংরক্ষণ চাইলে এখনই চালু করতে পারে সরকার। 
কারাত বলেন, আদিবাসীদের ওপর ভয়ঙ্কর হামলা হচ্ছে। বনাঞ্চল বাঁচানোর বদলে ধ্বংস করা হচ্ছে। ছত্তিশগড়ে আদানির কয়লা খনির জন্য ৭ লক্ষ গাছ কাটা হচ্ছে। জঙ্গল কেটে সাফ হচ্ছে। আদিবাসীদের বিরোধ সত্ত্বেও চলছে।

Comments :0

Login to leave a comment