CPI-M Election Review

নির্বাচনী পর্যালোচনা সিপিআই(এম)’র রাজ্য কমিটির বৈঠকে

রাজ্য

শনিবার সিপিআই(এম) রাজ্য কমিটির বৈঠকে মহম্মদ সেলিম, এমএ বেবি, নীলোৎপল বসু।

বিধানসভা নির্বাচনের ফলাফলের পর্যালোচনা করতে সিপিআই(এম)’র রাজ্য কমিটির দু’দিনের বৈঠক শনিবার শুরু হয়েছে পার্টির রাজ্য দপ্তর মুজফ্‌ফর আহ্‌মদ ভবনে। সভায় অংশ নিচ্ছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি।
সভার শুরুতে পার্টির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্যা ও মহিলা আন্দোলনের নেত্রী প্রয়াত কমরেড বনানী বিশ্বাস সহ সাম্প্রতিক সময়কালে প্রয়াতদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। 
সভায় নির্বাচনী ফলাফলের প্রাথমিক পর্যালোচনা রিপোর্ট উত্থাপন করে পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম নির্বাচনোত্তর পরিস্থিতি ব্যাখ্যা করেছেন এবং এই পরিস্থিতির মোকাবিলায় পার্টির ভূমিকা পালনের কথা বলেছেন। রাজ্য কমিটির সদস্যরাও নির্বাচনী লড়াইয়ের অভিজ্ঞতা ও পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।
দেশে নয়া ফ্যাসিবাদের বিপদের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে বিজেপি’র ক্ষমতা দখলে যে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার মোকাবিলায় এরাজ্যে সিপিআই(এম)’কে প্রস্তুত হতে বলেছেন বেবি। 
শনিবার সিপিআই(এম)’র রাজ্য কমিটির দু’দিনের বৈঠকে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি’র জয় অর্জিত হয়েছে সাম্প্রদায়িক, বিভেদকামী ও বিষাক্ত ঘৃণা প্রচারের ভিত্তিতে, বিপুল অর্থব্যয় এবং ভারতের নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া সহ কেন্দ্রীয় সংস্থাগুলির চরম অপব্যবহারের মাধ্যমে। দুর্নীতিগ্রস্ত ও কর্তৃত্ববাদী তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ থেকেও বিজেপি সুবিধা নিয়েছে। সারা দেশে নয়া ফ্যাসিবাদের বিপদের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতায় আসীন হয়েছে। এর ফলে পরিস্থিতির যে পরিবর্তন হয়েছে তার মোকাবিলায় এরাজ্যের পার্টিকে উপযুক্ত দায়িত্ব পালন করতে হবে। 
বৈঠকে রয়েছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য নীলোৎপল বসুও। সভাপতিত্ব করছেন পলিট ব্যুরোর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। 

Comments :0

Login to leave a comment