পশ্চিমবঙ্গ দিবস নিয়ে ইতিহাস বিকৃতি করছে বিজেপি। দেশভাগ সংক্রান্ত ভুল ইতিহাস প্রচার করছে। সঠিক তথ্য এবং সঠিক ইতিহাস মনে করিয়ে দিতে হবে মানুষকে। ২১ জুন থেকে ২৪ জুন পর্যন্ত কলকাতা জুড়ে, সেই লক্ষ্য জানিয়ে, 'মানুষের দরবারে, মানুষের ইতিহাস' কর্মসূচি ঘোষণা করল সিপিআই(এম)।
শুক্রবার প্রমোদ দাশগুপ্ত ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন সিপিআই(এম) কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার। এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত ও তরুণ ব্যানার্জি। ছিলেন কলকাতা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সংগ্রাম চ্যাটার্জি ও দীপু দাসও।
'মানুষের দরবারে, মানুষের ইতিহাস' কর্মসূচিতে কলকাতার ৪০টি সভা হবে। দেশ ভাগ নিয়ে দীর্ঘসময় ধরে যাঁরা গবেষণা করছেন, বহু প্রবীণ মানুষের অভিজ্ঞতা, সমসাময়িক বইপত্র উদ্ধৃতি করে সঠিক ইতিহাস নিয়ে একটি ছোট পুস্তিকাও প্রকাশ করা হবে। সেই পুস্তিকা মানুষের কাছে পৌঁছেও দেওয়া হবে।
কল্লোল মজুমদার বলেছেন, ‘‘বিজেপি তাদের প্রোপাগান্ডা চালানোর জন্য ইতিহাস বিকৃতি করছে। যুক্তি-তথ্য দিয়ে সঠিক ইতিহাস মনে করিয়ে দিতে হবে আমাদের। দেশ ভাগ ও কমিউনিস্ট পার্টি, দেশভাগের প্রকৃত ইতিহাস, দেশভাগ ও শ্যামাপ্রসাদ এই বিষয় নিয়ে আলোচনা হবে।’’ তিনি বলেন, ‘‘বিজেপি-আরএসএস দেশের গণতন্ত্র, সার্বভৌমত্বের পক্ষে ক্ষতিকর। তাঁরা অধিকার কেড়ে নিতে চাইছে। গরিব মানুষের উপর আক্রমণও শুরু করে দিয়েছে। প্রতিরোধও হচ্ছে। সঙ্গে চলছে আইনি লড়াই। বামপন্থীরা লাগাতার লড়াই করে যাচ্ছে। তৃণমূলকে নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তার প্রতিফলন দেখাও যাচ্ছে। ১৫ বছর তৃণমূল লুঠে খেয়েছে।"
মজুমদারের অভিযোগ, বিজেপি তৃণমূলকে বাড়তে দিয়েছে। কোনও ব্যবস্থা নেয়নি। এখন দেখা যাচ্ছে তৃণমূলের অভিযুক্তদের দিকে ডিম ছোঁড়ায় সাধারণ মানুষ সামিল হচ্ছেন। তাঁর বক্তব্য, মানুষের ক্ষোভ সঙ্গত। কিন্তু আইনের পথে বিচার হওয়া উচিত। এই পদ্ধতিতে দাবিয়ে রাখার জন্য বাহিনী তৈরি করার বিপদ রয়েছে। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার জন্য এই বাহিনীকে ব্যবহার করার বিপদও রয়েছে।
সিপিআই(এম) নেতৃবৃন্দ, ২১ জুন বামফ্রন্ট সরকারের প্রথম প্রতিষ্ঠা দিবস থেকেই এই সভা চলবে। ৪০ টি জায়গায় ৪০ জন সঞ্চালক থাকবেন। তাঁরা সভা পরিচালনা করবেন। এছাড়াও বিশিষ্টরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। কলকাতার বাগবাজার, বেহালা, নেতাজি নগর, মেটিয়াব্রুজ, গার্ডেনরিচ সহ অন্যান্য এলাকায় এই সভা হবে।
CPI(M) Kolkata
বিকৃতির মোকাবিলায় কলকাতায় ‘মানুষের দরবারে মানুষের ইতিহাস‘ সিপিআই(এম)’র
প্রমোদ দাশগুপ্ত ভবনে সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম) কলকাতা জেলার নেতৃবৃন্দ।
×
Comments :0