উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে রেলের জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী ও ব্যবসার সঙ্গে যুক্ত মানুষকে উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে সরব হলো সিপিআই(এম)। রবিবার দলের ধূপগুড়ি এরিয়া কমিটির পক্ষ থেকে রেল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সিপিআই(এম)'র অভিযোগ, ধূপগুড়ি রেল স্টেশন বাজার ও সংলগ্ন এলাকায় প্রায় একশো দোকানদার এবং শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে বসবাস ও ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। সম্প্রতি রেলের পক্ষ থেকে একের পর এক উচ্ছেদের নোটিশ দেওয়ায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, ১০ আগাস্ট দেওয়া নোটিশে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ফলে আগাস্টের শেষ সপ্তাহেই উচ্ছেদ অভিযান হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
সিপিআই(এম) এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার বলেন, ‘‘পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার, দোকানদার ও কলোনিবাসীদের উচ্ছেদ করা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।’’ জেলা নেতা নূর আলম বলেন, রেলের প্রয়োজনীয় নির্মাণকাজের জন্য যতটা জমি প্রয়োজন, তা ছেড়ে দিতে বাসিন্দারা প্রস্তুত। তবে কয়েক দশক ধরে বসবাস ও ব্যবসা করা মানুষকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। উৎসবের মরশুমের কথা মাথায় রেখে বছরের শেষ পর্যন্ত সময় দেওয়ার দাবিও জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।
রেল সূত্রে জানা গিয়েছে, অমৃত ভারত প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে। স্টেশনে প্রবেশের রাস্তা চওড়া করা এবং সংলগ্ন এলাকায় সৌন্দর্যায়নের পরিকল্পনা রয়েছে। স্টেশন সুপার মনোজকুমার সিং জানান, স্থানীয়দের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। রেলের মালিকানাধীন জমি ভবিষ্যতে ব্যবহারের জন্য খালি করার প্রক্রিয়া চলছে।
সিপিআই(এম)'র পক্ষ থেকে জানানো হয়েছে, পুনর্বাসন ছাড়া উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন চলবে। প্রতিনিধি দলে ছিলেন পার্টির জেলা সম্পাদক পীযুষ মিশ্র, নূর আলম, প্রাক্তন বিধায়ক মমতা রায়, জয়ন্ত মজুমদার প্রমুখ।
Eviction
উচ্ছেদের প্রতিবাদে স্মারকলিপি সিপিআই(এম)'র
×
Comments :0