Cooch Behar

কোচবিহারে শিশুর শরীরে দুবার একই টিকাকরণ, উদ্বেগে পরিবার

জেলা

সম্প্রতি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের চূড়ান্ত গাফিলতিতে ভুল রক্ত দেওয়ার কারণে মৃত্যু হয় বীরেন্দ্রনাথ শর্মা নামে এক ব্যক্তির। আর এবার ভুলবশত একই শিশুকে দুবার ডিটিপি টিকাকরণের অভিযোগ উঠল কোচবিহার ২নং ব্লকের অন্তর্গত মহিষবাথান সুস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
অভিযোগ, গত মাসে টিকা দেওয়ার পরেও পুনরায় বৃহস্পতিবার শিশুটিকে এই টিকা দেওয়া হয়। যার ফলে বর্তমানে অসুস্থ হয়ে পড়েছে ৫বছরের এই শিশুটি। দুশ্চিন্তা ঘিরে ধরেছে শিশুর অভিভাবকদের।
শুক্রবার এই শিশুর অভিভাবকরা বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আসেন এই স্বাস্থ্য কেন্দ্রে। তবে কোনো প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত আশা কর্মী সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। এই ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
জানা গেছে, এই মহিষবাথান এলাকার বাসিন্দা নারায়ণ চন্দের পাঁচ বছরের কন্যা সন্তানের ডিটিপি টিকাকরণ হয় অক্টোবর মাসে তার মা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে এসে তার টিকাকরণ করান। নারায়ণ চন্দের অভিযোগ এরপরেও সংশ্লিষ্ট এই স্বাস্থ্য কেন্দ্র থেকে তাকে ফোন করে তাঁর মেয়ের টিকাকরণ করিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। স্বাস্থ্য কেন্দ্রের কথা অনুযায়ী বৃহস্পতিবার তিনি তাঁর মেয়েকে নিয়ে এই মহিষবাথান স্বাস্থ্যকেন্দ্রে আসেন। এখানে কর্মরত স্বাস্থ্য কর্মীরা তাঁর মেয়েকে টিকাটি দেন। এরপরে যে টিকার খাতা রয়েছে সেখানে গত মাসের যে দেওয়া তারিখ সেটি কেটে দিয়ে নতুন করে বৃহস্পতিবারের তারিখ বসিয়ে দেন তারা। এরপর তিনি যখন তার মেয়েকে নিয়ে বাড়িতে যান, এই সময় মেয়ের কান্না করছিল, তখন তাঁর মা জিজ্ঞাসা করে কি হয়েছে?  এই টিকাকরণের কথা বলতেই তার মা জানান যে গত মাসেই তার এই টিকাকরণ সম্পন্ন হয়েছে, তাহলে আবার কিসের টিকা!
শিশুটির অভিভাবকেরা বুঝতে পারেন ভুলবশত তাদের শিশু কন্যাকে একই টিকা দুবার দেওয়া হয়েছে। এরপর মেয়ের স্বাস্থ্য নিয়ে সীমাহীন দুশ্চিন্তা ঘিরে ধরেছে এই পরিবারকে। স্বাস্থ্যের কথা চিন্তা করে ইতিমধ্যেই প্রাইভেটে এক চিকিৎসকের পরামর্শ নিতে শুরু করেছেন তারা। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সীমাহীন গাফিলতিতে বীতশ্রদ্ধ সংশ্লিষ্ট এই পরিবার সহ এই এলাকার সাধারণ মানুষ। এব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেছেন তারা।
 

Comments :0

Login to leave a comment