MD SELIM jalpaiguri

জল-জমি-জঙ্গল এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে বামপন্থীদের, জলপাইগুড়িতে সেলিম

রাজ্য জেলা

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বামপন্থী আন্দোলনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের কাছে মার্কসবাদী আদর্শ ও সংগ্রামের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হলো সিপিআই(এম)'র কর্মীসভায়। আগামী ১, ২ ও ৩ ডিসেম্বর ‘গণশক্তি’র বিশেষ সংখ্যা বিক্রি সফল করতে জেলার সর্বস্তরের কর্মীদের সক্রিয় হওয়ার ডাক দেওয়া হয় সভা থেকে।
রাজ্য কমিটির সদস্য সলিল আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পীযুষ মিশ্র, জিয়াউল আলম ও সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
মহম্মদ সেলিম বলেন, "বিশ্বজুড়ে ছাত্র-যুবরাই আজ বহু আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। এ রাজ্যেও ছাত্র-যুবদের আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। শারদীয়া উৎসবে বুক স্টল করতে বাধা দেওয়ার ঘোষণার পরেও রাজ্যের বিভিন্ন জায়গায় বুক স্টল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।"
তিনি বলেন, "শুধু নাম পরিবর্তন করলেই মানুষের জীবনের পরিস্থিতি বদলে যায় না। তৃণমূলের দুর্নীতি ও লুটের অবসানের যে প্রত্যাশা নিয়ে মানুষ পরিবর্তন চেয়েছিলেন, বাস্তবে তাঁদের সেই প্রত্যাশা পূরণ হয়নি।" রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থান ও মানুষের জীবনযন্ত্রণার প্রশ্নগুলি আড়াল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।


এসআইআর প্রসঙ্গে মহম্মদ সেলিমের অভিযোগ, "ভোটার তালিকা সংশোধনের নামে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে পিছনের দরজা দিয়ে এনআরসি কার্যকর করার চেষ্টা চলছে।" নির্বাচন কমিশনের ভূমিকারও তীব্র সমালোচনা করেন তিনি। কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানানোর আইনি ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার পরিবর্তন এনেছে উল্লেখ করে সেই আইন বদলের দাবি জানান।
রাজ্যের শাসনব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের আমলে আইনের শাসনের যে সংকট তৈরি হয়েছিল, সরকার পরিবর্তনের পরেও তার অবসান হয়নি। বামপন্থীরা শক্তিশালী হলে ফ্যাসিবাদী শক্তি দুর্বল হয়। তাই আরএসএস ও বিজেপি বামপন্থীদের উপর আক্রমণ নামিয়ে আনছে। সংবিধান থেকে সমাজতন্ত্রের আদর্শ মুছে ফেলার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
হকার উচ্ছেদ, জল-জমি-জঙ্গল দখল এবং দেশের সম্পদ কর্পোরেট পুঁজির হাতে তুলে দেওয়ার নীতির সমালোচনা করে মহম্মদ সেলিম বলেন, কৃষি ও প্রাকৃতিক সম্পদের উপর সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে হবে। ধর্মের নামে বিভাজন তৈরি করে দেশকে ঐক্যবদ্ধ করা যায় না। রাজনীতি, অর্থনীতি ও কূটনীতির প্রশ্নে মানুষের ঐক্য গড়ে তুলতে হবে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সমাজতন্ত্রের অবসান ঘটেছে বলে যারা প্রচার করেছিল, বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের সংগ্রাম সেই ধারণাকে ভুল প্রমাণ করছে।"

পীযুষ মিশ্র বিশেষ সংখ্যা বিক্রির কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়ে বলেন, "জলপাইগুড়ির মাটি সম্প্রীতির মাটি। এই সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষায় মানুষের মধ্যে আরও নিবিড় যোগাযোগ গড়ে তুলতে হবে।"
জিয়াউল আলম নভেম্বর বিপ্লবের তাৎপর্য তুলে ধরে বলেন, "বিশ্বজুড়ে মার্কসবাদ ও সমাজতন্ত্র সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে। রাজ্যে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াই অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের উপর আঘাত নেমে এলে বামপন্থীরাই প্রতিরোধের শক্তি হিসেবে পাশে দাঁড়াচ্ছে। বই ও সংস্কৃতির উপর আক্রমণের বিরুদ্ধেও রাজ্যের মানুষ প্রতিবাদে শামিল হয়েছেন। গণসংগঠন ও শ্রেণি সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি বুথ স্তরে আরএসএস ও বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। লাল ঝান্ডাকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপরেও জোর দেন।"

Comments :0

Login to leave a comment