Madhya Pradesh High Court

এআই দিয়ে তৈরি জাল নথি পেশ হাইকোর্টে, মধ্য প্রদেশ সরকারকে ভর্ৎসনা আদালতের

জাতীয়

সুপ্রিম কোর্টের এমন কোনও রায়ই নেই। অথচ মধ্য প্রদেশ সরকার এআই দিয়ে এমনই নথি বানিয়ে পেশ করেছে হাইকোর্টে। ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন বিচারপতিরা। বিচারপতিরা বলেছেন, ‘চরম উদাসীন এবং দায়িত্বজ্ঞানহীন কাজ’। বস্তুত আদালতের সময় নষ্ট করা হয়েছে। 
বিচারপতি বিবেক কুমার সিং বলেছেন, সুপ্রিম কোর্টের যে রায়ের উল্লেখ করে রাজ্য সরকার হলফনামা পেশ করেছে তার অস্তিত্বই নেই। 
আদালত বলেছে যে, রাজ্যের তরফ থেকে দাখিল করা নথি সম্পূ্র্ণ কাল্পনিক। অথচ যে তথ্যসূত্র দেওয়া হয়েছে তা ভিন্ন একটি বিষয়ের ওপর রায়ের সঙ্গে সম্পর্কিত। চোখ বন্ধ করে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করেছে রাজ্য সরকার। ভবিষ্যতে এই ধরনের বিবেচনাহীন কাজ থেকে বিরত থাকতে বলেছে আদালত। 
আদালতের রায়ের একটি অনুলিপি রাজ্যের আইন সচিব এবং অ্যাডভোকেট জেনারেলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ হলো, কোনও আইনি বক্তব্য হলফনামার মাধ্যমে পেশ করার আগে তা যেন সরকারি আইনজীবীরা যাচাই করে নেন। এই দায়িত্ব রাজ্যের অ্যাডভেকেট জেনারেলের।
উল্লেখ্য, অন্ধ্র প্রদেশ সরকারের সঙ্গে এসএস মহম্মদ নিসার মামলার উল্লেখ করা হয় রাজ্য সরকারের নথিতে। খতিয়ে দেখা গিয়েছে যে এমন কোনও রায় নেই। যে রায়ের উল্লেখ করা হয়েছে তা অন্য একটি মামলার। বিষয়ও আলাদা।

Comments :0

Login to leave a comment