CPI(M) DARJEELING DIST COMMITTEE PRESS MEET

সিপিআই(এম)’র প্রতিবাদে শিলিগুড়ির গেজেট বিজ্ঞপ্তি প্রত্যাহার

জেলা

সিপিআই(এম)’র আপত্তির কাছে নতি স্বীকার করলো রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। প্রশাসক পরিচালিত শিলিগুড়ি পৌর বোর্ড ও রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কর্পোরেশনের ৪৭টি ওয়ার্ডকে ৬৩টি ওয়ার্ডে পরিনত করার জন্য প্রকাশিত গেজেট নোটিফিকেশন অবশেষে প্রত্যাহার করে নিলো রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার দুপুরে সিপিআই(এম) দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ওয়ার্ড পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করে সিপিআই(এম) নেতৃবৃন্দ এবিষয়টি জানান। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পার্টির দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মুন্সি নুরুল ইসলাম, দিলীপ সিং ও জয় চক্রবর্তী।  
নেতৃবৃন্দ বলেন, প্রথম থেকে শিলিগুড়ি শহরের ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সিপিআই(এম)’র নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ওয়ার্ড পুনর্বিন্যাস ও ওয়ার্ড সংখ্যা বৃদ্ধির ভিত্তি, সামঞ্জস্য, মানদন্ড, প্যারামিটার, ভৌগলিক অবস্থান, আঞ্চলিক জনঘনত্ব, আকার ইত্যাদি বিষয়ে প্রশ্ন তুলে ধরা হয়েছে। যেমনটা আইনেও বলা আছে। তাই সর্বদলীয় বৈঠকে সিপিআই(এম)’র বিভিন্ন প্রশ্ন ও আলোচনার সাথে জেলা শাসক সহমতও পোষণ করেছেন। বার বার আপত্তি করা সত্ত্বেও গেজেট নোটিফিকেশন প্রকাশ করেছিলো। শেষ পর্যন্ত সিপিআই(এম)’র যুক্তির কাছে হার মানতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন শিলিগুড়ির ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ৬৩ করার নোটিফিকেশন প্রত্যাহার করেছে। নতুন করে আবার কি করা হবে সেবিষয় অজানা। নিশ্চয়ই এই প্রক্রিয়া আবার নতুন করে হবে। সেক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি শিলিগুড়িতে ওয়ার্ড পুনর্বিন্যাসের পদ্ধতি ও ওয়ার্ড সংখ্যা বৃদ্ধির কাজ সঠিক ভিত্তি মেনে, যুক্তিনির্ভর ও নির্দিষ্টভাবে করা হোক। 
মুন্সি নুরুল ইসলাম অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিজের মতো করে চলতে পারে না। বিজেপি ডিলিমিটেশনের নাম করে শাসকদলের সুবিধামতো কতোগুলো অনিয়ম তৈরী করে যাতে কেউ কোর্টের দারস্ত হতে পারে সেই বন্দোবস্ত করছে। আইনী জটিলতার কারণে নির্বাচন বন্ধ হোক বা পিছিয়ে যাক আমরা চাইনা। তাই আমরা কোন আইনী লড়াইতে যেতে চাইছি না। কারণ আমরা দ্রুত কর্পোরেশন নির্বাচন চাইছি। আমাদের দাবি শহরবাসিন্দাদের সুষ্ঠু পৌর পরিষেবা দেবার লক্ষ্যে অবিলম্বে পৌর কর্পোরেশন নির্বাচন চাই। কিন্তু একের পর এক অজুহাত দেখিয়ে নির্বাচন পিছিয়ে দেবার চক্রান্ত করা হচ্ছে। 
তিনি বলেন, সম্প্রতি শিলিগুড়ির ওয়ার্ড সংখ্যা ৪৭টি থেকে বৃদ্ধি করে ৬৩টি করার প্রস্তাব গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছিলো। অর্থাৎ নির্বাচন কমিশন এই ৬৩টি ওয়ার্ডের অনুমোদন দিয়েছিলো। বলা হয়েছিলো শহরের ওয়ার্ডগুলিতে জনসংখ্যার দিক থেকে সমতা ফিরিয়ে আনার লক্ষ্যেই এই ওয়ার্ড পুনর্বিন্যাসের পদ্ধতি ও ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। ডিলিমিটেশন বা র্যা শনালাইজেশন করা হবে। জনসংখ্যার ভিত্তিতে ওয়ার্ডগুলিতে অসমতা কাটিয়ে সমতা ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনের বেশ কিছু নিয়মাবলী রয়েছে। প্রথম থেকেই আমরা বলে আসছিলাম র্যা শনালাইজেশনের নামে যেটা হচ্ছে তাতে সমতার চাইছে অসমতা আরো বাড়ছে। এটা ডিলিমিটেশনের কোন পদ্ধতি হতে পারে না। তাই হেয়ারিং’র সময় দুইবার লিখিত ও মৌখিকভাবে রাজ্য নির্বাচন কমিশনের এই প্রস্তাবের বিরোধীতা করেছি আমরা। কারণ ওয়ার্ড পুনর্বিন্যাস ও বৃদ্ধির ক্ষেত্রে এলাকা, বুথ, জনসংখ্যার ক্ষেত্রে কোন সমতা ছিলো না। কোন সঠিক দিশা না থাকার কারণে আমরা আপত্তি করেছিলাম। আমাদের আপত্তি সঠিক প্রমানিত হয়েছে। তাই বাধ্য হয়েই রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন গেটেজ নোটিফিকেশন প্রত্যাহার করে নিয়েছে।

Comments :0

Login to leave a comment