Watchtowers in Gorumara

সংস্কারের অভাবে বন্ধ গোরুমারার দুটি নজরমিনার, ক্ষোভ বাড়ছে পর্যটন মহলে

জেলা

সামনেই শীতের ভরা পর্যটন মরশুম। অথচ দীর্ঘ সংস্কারের অভাবে প্রায় দু’বছর ধরে গরুমারার অন্যতম গুরুত্বপূর্ণ দুটি নজরমিনার চন্দ্রচূড় ও চুকচুকিতে তালা ঝুলছে। পরিকাঠামোগত বেহাল দশার কারণে দুর্ঘটনার আশঙ্কায় বন দপ্তর এগুলিতে পর্যটকদের প্রবেশ বন্ধ রাখলেও, এতদিনেও সংস্কারের কাজ শেষ না হওয়ায় স্থানীয় পর্যটন মহলে ক্ষোভ বাড়ছে। আসন্ন বড়দিন ও বর্ষবরণের ছুটিতে পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে অবিলম্বে নজরমিনার দুটি সংস্কার করে খুলে দেওয়ার দাবি উঠেছে।
​গরুমারা ও সংলগ্ন বনাঞ্চলে বন্যপ্রাণ দর্শনের মূল আকর্ষণ এখানকার নজরমিনার। চাপড়ামারি, মেদলা, যাত্রাপ্রসাদ, চন্দ্রচূড় ও চুকচুকি মূলত এই পাঁচটি নজরমিনারকে কেন্দ্র করেই ডুয়ার্সে পর্যটকদের ভ্রমণসূচি তৈরি হয়। সরকারি নিয়ম অনুযায়ী, জঙ্গলের পরিবেশ রক্ষায় নির্দিষ্ট সংখ্যক পর্যটককেই প্রতি শিফটে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিটি নজরমিনারে চারটি শিফটে ২৪ জন করে পর্যটক যাওয়ার সুযোগ পেতেন। অর্থাৎ, চন্দ্রচূড় ও চুকচুকি চালু থাকলে প্রতি শিফটে আরও ৪৮ জন বাড়তি পর্যটক জঙ্গল সাফারির সুযোগ পেতেন। কিন্তু দু’বছর ধরে এই দুটি মিনার বন্ধ থাকায় সেই কোটা কমে গিয়েছে। ফলে পুজো বা শীতের ছুটিতে ভিড় বাড়লেই টিকিটের আকাল দেখা দিচ্ছে, বহু পর্যটকই জঙ্গল ভ্রমণ থেকে বঞ্চিত হচ্ছেন।
​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাটাগুড়ি থেকে মূর্তি নদী পেরিয়ে চন্দ্রচূড় এবং রেলওয়ে ওভারব্রিজ পেরিয়ে জঙ্গলের পথ ধরে চুকচুকি নজরমিনারে পৌঁছানো যেত। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে মিনার দুটির কাঠামো বিপজ্জনক হয়ে পড়ায় প্রায় দু’বছর আগে বন দপ্তর সেগুলি বন্ধ করে দেয়। তারপর থেকে দীর্ঘ সময় কেটে গেলেও সংস্কারের উদ্যোগ সেভাবে চোখে পড়েনি বলে অভিযোগ।


​পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের মতে, গরুমারার পর্যটনের ওপর এলাকার বহু মানুষের রুজি-রুটি নির্ভরশীল। নজরমিনার বন্ধ থাকায় পর্যটকদের মধ্যে বিরূপ প্রভাব পড়ছে। লাটাগুড়ির পর্যটন ব্যবসায়ী দিব্যেন্দু দেব বলেন, “ভরা মরশুমে পর্যটকদের ব্যাপক চাপ থাকলেও দুটি নজরমিনার বন্ধ থাকায় প্রতি শিফটে ৪৮ জন পর্যটককে জঙ্গল ঘোরানোর সুযোগ দেওয়া যাচ্ছে না। বহু পর্যটক নিরাশ হয়ে ফিরছেন। বন দপ্তর দ্রুত এগুলি সংস্কার করে চালু করলে সমস্যা অনেকটাই মিটবে। ”লাটাগুড়ি রিসর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য রাজা  চট্টোপাধ্যায়ও জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বন দপ্তরের সঙ্গে আলোচনার পাশাপাশি দ্রুত মিনার দুটি খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে।
​যদিও বন দপ্তর দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে। এ প্রসঙ্গে গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন বলেন,“নজরমিনার দুটি মেরামত করে যাতে দ্রুত পর্যটকদের জন্য চালু করা যায়, সেই চেষ্টা চালানো হচ্ছে।”

Comments :0

Login to leave a comment