ISF Basirhat

বসিরহাটে প্রার্থীকে হুমকি-বাধা, প্রতিবাদে অবরোধ বামফ্রন্ট-আইএসএফ’র

জেলা

বসিরহাটে পথ অবরোধে বামফ্রন্ট এবং আইএসএফ সমর্থকরা।

প্রবীর দাস

আক্রান্ত হলেন বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী মুসা কারিমুল্লা সহ অন্যান্যরা। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন বামফ্রন্ট এবং আইএসএফ কর্মীরা। 
বসিরহাট উত্তর আছে বসিরহাট উত্তরেই। গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের মুরারীশাহে বামফ্রন্ট সমর্থিত সিপিআই প্রার্থী পল্লব সেনগুপ্তের প্রচার গাড়ি আটকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রচার গাড়িতে থাকা প্রার্থী পল্লব সেনগুপ্তকে পুলিশের সামনেই হুমকি দেওয়া হয় ‘ফের এলে লাশ হয়ে ফিরতে হবে‘। 
সোমবার সেই ঘটনার পুনরাবৃত্তি হতে দেখা গেল বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের বোলদেপোতা মাদ্রাসার সামনে। আইএসএফ প্রার্থী মুসা কারিমুল্লার গাড়ি আটকায় তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা। নেতৃত্বে স্থানীয় তৃণমূল নেতারা। 
মুসা কারিমুল্লাকে শারীরিক নির্যাতনের পাশাপাশি খুনের হুমকি দেওয়া হয় বলে এদিন জানান প্রার্থী মুসা কারিমুল্লা। শুধু তিনি আক্রান্ত হননি। তাঁর প্রচারসঙ্গী কর্মী সমর্থকরাও আক্রান্ত হন। তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। 
এই ঘটনার প্রতিবাদে মুরারীশাহ মালঞ্চ রোড অবরোধ করে বিক্ষোভ দেখান আইএসএফ ও বামফ্রন্টের কর্মী সমর্থকরা। অবরোধ চলাকালীন মুসা কারিমুল্লা বলেন, ‘‘প্রশাসনের অনুমতি নিয়ে ভেবিয়া মোড় থেকে শান্তিপূর্ণ মিছিল বোলদেপোতা মাদ্রাসার সামনে যেতেই আমাদের উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা। আমাকে এবং কর্মীদের মারধর করা হয়। এবং প্রচার করা যাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। সেই সঙ্গে এ কথাও বলা হয় যে ‘তৃণমূল চোর‘ এ কথা বলা যাবে না।‘
প্রার্থী বলেন, ‘‘এক ইঞ্চি জমি না ছেড়েও আমাদের কর্মীরা প্রতিবাদ প্রতিরোধে গেলে তৃণমূল কার্যত পিছু হটতে বাধ্য হয়। এরপর আমরা এদিনের মতো প্রচার কর্মসূচি স্থগিত রেখে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করতে বাধ্য হই।’’

Comments :0

Login to leave a comment