Justice Ujjal Bhuyan

বিরোধিতাকে অপরাধ হিসেবে দেখার ঝোঁক বাড়ছে, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি

জাতীয়

বিরোধিতা বা প্রতিবাদকে অপরাধ হিসেবে বিবেচনার প্রবণতা বাড়ছে। স্বাভাবিক সাধারণ প্রতিবাদকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে। এক বক্তৃতায় এই মর্মে খেদ জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুইঞাঁ। 
তিনি বলেছেন, ‘‘ক্যাম্পাসে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে কড়া আইন প্রয়োগ করা হচ্ছে তাঁদের কাউকে কাউকে ৩০-৪০ দিন জেলে থাকতে হচ্ছে।
গতকাল, শনিবার, ভোপালে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে বিচারপতি জিপি সিং স্মৃতি চতুর্থ বক্তৃতায় অংশ নেন বিচারপতি ভুইঞাঁ।
স্বাভাবিক কাজকর্মে অপরাধ খোঁজার উদাহরণও দেন বিচারপতি ভুইঞাঁ। তিনি বলেন, বারাণসীতে গঙ্গার ওপর নৌকায় চিকেন বিরিয়ানি খাওয়ায় কয়েকজনকে যুবককে ধরা হয়েছে। কোনও আইনে গঙ্গার ওপর মুরগির মাংস খাওয়ায় নিষেধাজ্ঞা নেই। আমি নিশ্চিত গঙ্গায় নৌকায় বসে বিরিয়ানি খাওয়া কোনও অপরাধই নয়। তবু এই যুবকদের তিন মাস জেলে থাকতে হবে। 
বিচারপতি বলেছেন, পরিবেশের বিপর্যয় নিয়ে আন্দোলনের ক্ষেত্রেও একই ঘটনা দেখা যাচ্ছে। যাঁরা কোনও প্রকল্প ঘিরে পরিবেশের ক্ষয়ক্ষতির আশঙ্কা জানাচ্ছেন তাঁরা ভুল বলছেন না। তাঁদের আশঙ্কা সঙ্গত। তাঁদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। এমনভাবে লাঠি নিয়ে তাড়া করা হচ্ছে যেন তাঁরা অপরাধী। 
বিচারপতি ভুইঞাঁ বলেন, নিজের মত জানানো এবং শান্তিপূর্ণ প্রতিবাদ নাগরিকদের মৌলিক স্বাধীনতা। বিতর্ক এবং বিরোধিতা গণতন্ত্রের মর্মবস্তু।   

Comments :0

Login to leave a comment