Maynaguri

অন্নপূর্ণা যোজনা সহ ৩ দফা দাবিতে বিডিওকে স্মারকলিপি মহিলা সমিতির

জেলা

অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা প্রদান, ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রকৃত নাগরিকদের নাম দ্রুত পুনরায় তালিকাভুক্ত করার এবং মিড-ডে-মিল কর্মীদের কাজের নিরাপত্তা ও স্থায়িত্বের দাবিতে ময়নাগুড়ির বিডিও-এর কাছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি স্মারকলিপি দিল। সোমবার সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়।
স্মারকলিপিতে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে সমস্ত যোগ্য মহিলাকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। যোগ্য আবেদনকারীরা যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করারও দাবি ওঠে। পাশাপাশি, বিভিন্ন কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রকৃত নাগরিকদের নাম দ্রুত পুনরায় তালিকাভুক্ত করার দাবি জানানো হয়।গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সংগঠন।
ব্লকের বিভিন্ন স্কুলে কর্মরত মিড-ডে-মিল কর্মীদের কাজের নিরাপত্তা, স্থায়িত্ব, উপযুক্ত সম্মান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।
মহিলা সমিতির জেলা সম্পাদিকা রিনা সরকার বলেন, সাধারণ খেটে খাওয়া মহিলারা নানা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।
কর্মসূচিতে রিনা সরকার ছাড়াও জেলা নেতৃত্ব পিয়ালী গুহ রায়,সুস্মিতা গুহ,সম্পা মজুমদার,পর্ণা নাগ,দীপ্তি দত্ত, মিতালী সরকার,ইরা সেনগুপ্ত, ময়নাগুড়ির তিনটি লোকালের সম্পাদিকা লাভলী দাম,কবিতা দাস ও একাদশী মণ্ডল সহ নেতৃত্বরা উপস্থিত ছিলেন।প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment