Rakhi Celebrations

গাছকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা ডুয়ার্সের পরিবেশপ্রেমীদের

জেলা

রাখিবন্ধনের পবিত্রতাকে পরিবেশ রক্ষার বার্তার সঙ্গে যুক্ত করে অভিনব কর্মসূচি পালন করলেন ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চালসার পরিবেশপ্রেমীরা। গাছকে ভাই হিসেবে মেনে তার গায়ে রাখি পরিয়ে সংরক্ষণের শপথ নিলেন তাঁরা। বৃহস্পতিবার চালসার পরিবেশপ্রেমী সংগঠন ‘চালসা নেচার স্টাডি অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি’র উদ্যোগে তিয়াবন এলাকায় এই কর্মসূচি হয়। রাখিবন্ধনের রীতি মেনে গাছের দীর্ঘায়ু ও সুরক্ষার কামনায় গাছের গায়ে রাখি পরান পরিবেশকর্মীরা। নির্বিচারে গাছ কাটা ও পরিবেশ দূষণের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানান সংগঠনের সদস্যরা।
সংগঠনের পক্ষে মানবেন্দ্র দে সরকার বলেন, ‘‘যেভাবে নির্বিচারে গাছ কাটা হচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে, তাতে আগামী দিনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। তাই গাছ রক্ষা করার পাশাপাশি নতুন গাছ লাগানোও জরুরি। মানুষকে সচেতন করতেই আমাদের এই কর্মসূচি।’’ তিনি আরও জানান, মানুষের সঙ্গে গাছের সম্পর্ক দীর্ঘদিনের। রাখিবন্ধনের মতো সামাজিক ও আবেগঘন একটি উৎসবকে পরিবেশ রক্ষার বার্তার সঙ্গে যুক্ত করলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে। এদিনের কর্মসূচিতে মানবেন্দ্র দে সরকার ছাড়াও ছিলেন সুমন চৌধুরী, বুধো এক্কা, রিম্পা ওরাওঁ, দীপিকা হেমব্রম-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। গাছের সুরক্ষায় তাঁদের এই অভিনব উদ্যোগ স্থানীয় মানুষেরও প্রশংসা কুড়িয়েছে।

Comments :0

Login to leave a comment