নতুনপাতা
পার্বণ ১৪৩৩
মণ্ডা মিঠাই
সাধক কবি কমলাকান্ত ভট্টাচার্য : তপন কুমার বৈরাগ্য
১৫ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
পূর্ববর্ধমান জেলার যে সাধক কবির নাম সবার আগে বলতে হয় তিনি হলেন কমলাকান্ত ভট্টাচার্য। জীবনে প্রায় দুশোটির উপর ভক্তিমূলক গান রচনা করেন। মহাসাধক রামপ্রসাদের পরেই তার ভক্তি মূলক গানের স্থান।অনেক সময় শ্রোতারা তার গান
এবং রামপ্রসাদের গানের মধ্যে কোনো পার্থক্য করতে পারেন না। দুজনের গান যেন মিলেমিশে একাকার হয়ে যায়। যেমন--শ্যামা মা কি আমার কালো,অথবাআমার সাধ না মিটিল, আশা না পুরিল,কিংবা মা গো আনন্দময়ী নিরানন্দ করো না,বা
সদানন্দময়ী কালী।আমাদের মনের ভ্রম হয় এই কালীসংগীতগুলো নিশ্চয় রামপ্রসাদের।কিন্তু আসলে এগুলো কমলাকান্ত ভট্টাচার্যের লেখা।কমলাকান্ত ১৭৬৯খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।তার জন্মের সঠিক তারিখ জানা যায় না।তার বাবার নাম ছিলো মহেশ্বর ভট্টাচার্য
এবং মায়ের নাম ছিল মহামায়া দেবী। খুব অল্প বয়েসে কমলাকান্ত তার পিতাকে হারান। কমলাকান্তরা দুই ভাই।কমলাকান্ত এবং শ্যামাকান্ত।কমলাকান্ত পড়াশুনায় খুব ভালো ছিল।তাই মা বড় পুত্রকে সত্যিকারের শিক্ষিত করে তুললেন।শিক্ষান্তে বর্ধমানের মহারাজা
তেজেশ্চচন্দ্র নিজ পুত্রের শিক্ষার দায়িত্ব দিলেন কমলাকান্ত ভট্টাচার্যকে। ছাত্রকে পড়ানোর সময় লিখলেন--সদানন্দময়ী কালী।তেজেশ্চচন্দ্রের পুত্র ছিলেন উচ্ছৃঙ্খল।তিনি চায়ছিলেন কমলাকান্তের হাত থেকে মুক্তি পেতে।তিনি একপ্রকার জোড় করেই কমলাকান্তর কাছ থেকে লেখাটা কেড়ে নিয়ে পিতাকে নিয়ে গিয়ে দেখালেন।তেজেশ্চচন্দ্র লেখাটা পড়ে স্তম্ভিত হয়ে গেলেন।কি অপূর্ব ভাষা।আর তার সাথে আছে সুললিত ছন্দ।এ যেন ভক্তি রসের এক শ্রেষ্ঠ নিদর্শন।তার দুচোখ জলে ভরে উঠল।তিনি ছুটে এসে কমলাকান্তের পা দুটো জড়িয়ে ধরলেন এবং বললেন--আজ থেকে আপনি আমার গুরু,শুধু গুরু নন, আপনি আজ থেকে আমার সভাকবি। রামপ্রসাদ সেন যেমন কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি ছিলেন তেমনি কমলাকান্ত ভট্টাচার্য ছিলেন বর্ধমানের মহারাজ তেজেশ্চচন্দ্রের সভাকবি।মহারাজ তার সাধনার জন্য একটা মন্দিরও নির্মাণ করে দিয়েছিলেন।সাধক কবি কমলাকান্তর জন্মস্থান অম্বিকা কালনায়। গলসীর কাছে জান্নাগ্রামে তিনি বিশালাক্ষী মন্দিরে সিদ্ধিলাভ করেন।১৮২১খ্রিস্টাব্দে তিনি বর্ধমানে পরলোক গমন করেন।মাত্র বাহান্ন বছর তিনি বেঁচে ছিলেন। কিন্ত তার সেই সৃষ্টিশীল কাজ আজো সবার ঘরে ঘরে সমানভাবে সমাদৃত।
Comments :0