ডুয়ার্সে চিতাবাঘের উপদ্রব থামার লক্ষণ নেই। এবার চিতাবাঘের হামলায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের টন্ডু বস্তি এলাকায়। জখম ব্যক্তির নাম প্রেম ছেত্রী(৩৮)। বর্তমানে তিনি মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে টন্ডু বস্তি সংলগ্ন খেরকাটা জঙ্গলে একটি মহিষ ঢুকে পড়েছিল। সেটিকে ফিরিয়ে আনতে জঙ্গলের কিনারে গিয়েছিলেন প্রেমবাবু। অভিযোগ, সেই সময়ই ঝোপের আড়াল থেকে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। নখ ও দাঁতের আঘাতে তাঁর হাতের কবজি, পিঠ এবং মুখ ক্ষতবিক্ষত হয়ে যায়। আক্রান্তের আর্তচিৎকার শুনে আশপাশের বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে ছুটে এলে চিতাবাঘটি গভীর জঙ্গলে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এই ঘটনার পর থেকেই টন্ডু বস্তি ও সংলগ্ন এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন দপ্তরের নজরদারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীদের একাংশ। তাঁদের অভিযোগ, জঙ্গল সংলগ্ন এলাকায় মাঝেমধ্যেই চিতাবাঘ লোকালয়ে চলে আসছে, যার ফলে গবাদি পশু থেকে শুরু করে মানুষের জীবন বিপন্ন হচ্ছে। এলাকায় খাঁচা পাতার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Leopard Attack
ডুয়ার্সে ফের চিতা-আতঙ্ক, জঙ্গল সংলগ্ন বস্তিতে আক্রান্ত এক
×
Comments :0