POETRY | SWARNENDHU DAS | GOOD FRIDAY | MUKTADHARA | 2026 APRIL 3 | 3rd YEAR

কবিতা | স্বর্ণেন্দু দাস | ক্রুসিও মৃত্যু ও পুনরুত্থান | মুক্তধারা | ২০২৬ এপ্রিল ৩ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  SWARNENDHU DAS  GOOD FRIDAY  MUKTADHARA  2026 APRIL 3  3rd YEAR

ক্রুসিও মৃত্যু ও পুনরুত্থান

স্বর্ণেন্দু দাস


ক্যালভারি গিরি আঁধারে ঢাকা, বিষণ্ণ চরাচর,
কাঁটার মুকুটে বিঁধেছে কপাল, রক্তে ভেজে অধর।
মমতার হাত বিদ্ধ হয়েছে তীক্ষ্ণ পেরেক ঘায়ে,
ক্ষমার সাগরে বহিল জগৎ—সে পাপীর মুক্তি চায়।
গুড ফ্রাইডে-র সেই অত্যাচার ও ত্যাগের চরম ক্ষণ,
মানবজাতির তরে বিলীন, মনুষ্যপুত্রের জীবন।
নীরব আঁধারে ডুবল জগৎ, স্তব্ধ হলো গান,
সবার পাপে ক্রুশবিদ্ধ যীশু খ্রীষ্টের প্রাণ।
কাটল আঁধার তৃতীয় দিবসে, ঊষার প্রথম আলোয়,
কবর শূন্য, জয়ী হলো প্রভু, ইহুদিরা সংশয়ে।
মরণজয়ীর বিজয় নিশান আকাশে-বাতাসে ওড়ে,
ইস্টারেতে আনন্দের জোয়ার, রবিবারের ভোরে।
হালেল্লুইয়া ধ্বনিতে মুখর নিখিল বিশ্ব অদ্য,
যিশু জেগেছেন, মৃত্যু হেরেছে, আনন্দে পূর্ণ শিষ্য।
ঘৃণা মুছে গিয়ে জেগেছে প্রীতি, ঘুচেছে মনের ভয়,
পুনরুত্থানের পুণ্য প্রভাতে সত্যের হলো জয়।

Comments :0

Login to leave a comment