Rape in moving train near Siliguri

শিলিগুড়ির কাছে ট্রেনের মধ্যেই ধর্ষণ অন্তঃসত্ত্বা গৃহবধূকে

রাজ্য জেলা

 দিল্লি থেকে আলিপুরদুয়ার ফেরার পথে মহানন্দা এক্সপ্রেসে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে চলন্ত ট্রেনেই। অভিযোগের ভিত্তিতে আলিপুরদুয়ার জংশন স্টেশনে পৌঁছানর পর অভিযুক্ত এক যুবককে আটক করে পরে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। ধৃতের নাম গৌতম মাহাতো। তিনি আসামের রঙ্গিয়া এলাকার বাসিন্দা বলে রেল সূত্রে খবর।
পুলিশ সূত্রে খবর, আলিপুরদুয়ার জেলার এক দিনমজুরের ২২বছরের স্ত্রী দিল্লিতে তাঁর দিদির বাড়ি থেকে বুধবার মহানন্দা এক্সপ্রেসে (ট্রেন নম্বর ১৫৪৮৪) রওনা দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রেন শিলিগুড়ি জংশন ছাড়ার পর যাত্রী সংখ্যা অনেকটাই কমে যায়। অভিযোগ, সেই সময় এক যুবক ওই কামরায় উঠে প্রথমে অশালীন আচরণ শুরু করে এবং পরে জোর করে তাঁকে যৌন নির্যাতন করে। বাধা দিতে গেলে তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ।
নিগৃহীতার দাবি, ঘটনার সময় কামরাটি প্রায় ফাঁকা ছিল। তিনি সাহায্যের জন্য চিৎকার করলেও তা কেউ শুনতে পাননি। আলিপুরদুয়ার জংশন স্টেশনে ট্রেন পৌঁছাতেই তিনি চিৎকার করে সাহায্য চান। তাঁর অভিযোগের ভিত্তিতে রেল সুরক্ষা বাহিনীর সদস্যরা দ্রুত অভিযুক্তকে আটক করেন। পরে আলিপুরদুয়ার জিআরপিতে ধর্ষণের মামলা দায়ের হলে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃতকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে আবারও দূরপাল্লার ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষত রাতের সময়ে ফাঁকা কামরায় পর্যাপ্ত নিরাপত্তা, নিয়মিত টহল এবং নজরদারির অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যাত্রীরা। তাঁদের দাবি, এমন ঘটনা রুখতে ট্রেনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।
উল্লেখ্য, মহানন্দা এক্সপ্রেসে যাত্রী নিরাপত্তা নিয়ে অতীতেও অভিযোগ উঠেছে। ২০১৫ সালের সেপ্টেম্বরে দিল্লি-আলিপুরদুয়ারগামী সিকিম-মহানন্দা এক্সপ্রেসে মদ্যপ দুষ্কৃতীদের হেনস্তার মুখে এক শ্রমিক দম্পতি তাঁদের শিশুসন্তানকে নিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিতে বাধ্য হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল।

Comments :0

Login to leave a comment