উৎপাদন শুল্ক কমলেও পেট্রোল পাম্পে পেট্রোল বা ডিজেলের দাম কমবে না। সরকারি বিবৃতিতেই জানানো হয়েছে যে শুল্কের বোঝা কমানো হয়েছে ইন্ডিয়ান অয়েলের মতো দেশের তেল বিপণন সংস্থাগুলিকে সুবিধা দিতে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম চড়া হারে বাড়ছে ইরানের ওপর আমেরিকা যুদ্ধ চাপিয়ে দেওয়ার কারণে। ভারত এই হামলার নিন্দা করেনি। এদিকে তেল পরিবহণে গুরুতর সঙ্কট দেখা দিয়েছে। এদিকে কেন্দ্র সম্প্রতি গৃহস্থালির সিলিন্ডারে রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বাড়িয়েছে।
কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী লিটারে ১০ টাকা কমানো হয়েছে পেট্রোল এবং ডিজেলে। সেই সঙ্গে বলা হয়েছে যে ইন্ডিয়ান অবেল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামকে এই সুবিধা দেওয়া হয়েছে। পেট্রোল পাম্পে দাম কমছে না।
ইরানকে আক্রমণের পর চার সপ্তাহে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৭৫ শতাংশ বেড়েছে। কেন্দ্রের দাবি, ভারতের তেল বিপণন সংস্থাগুলি সব মিলিয়ে দিনে ২৪০০ কোটি টাকা ‘কম আয়‘ করছে। শুল্ক বাবদ ছাড় পেলে তাদের কিছুটা সুবিধা হবে।
তেলের দামে কেন্দ্রের হিসেব নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন দেখা দিয়েছে। সংসদে আলোচনাতেও দেখা গিয়েছে যে আন্তর্জাতিক বাজারে পেট্রোল বা ডিজেলের দামকে সূচক ধরে ‘কম আয়‘ করার হিসেব দেওয়া হয়। অথচ ভারতে পরিশোধন কাঠামো উন্নত বলে খরচ কম পড়ে।
গত প্রায় তিন বছর আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকবার কমেছে। আমেরিকা এবং ইউরোপের নিষেধাজ্ঞা থাকায় রাশিয়া কম দামে তেল বেচেছে ভারতকে। দেশের মানুষকে কিন্তু একই অনুপাতে ছাড় দেওয়া হয়নি।
পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ‘‘অন্য অনেক দেশের মতো ভারত দামের বোঝা জনতার ওপর চাপায়নি। বরং সরকার নিজের কোষাগারে লোকসানকে বেছে নিয়েছে।’’
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে আন্তর্জাতিক বাজারে চড়া দামের ফয়দা নিতে দেশের তেল সংস্থা যাতে ডিজেল বাইরে না পাঠায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। রপ্তানির ওপর চাপানো হয়েছে লেভি।
সরকারি স্তর থেকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে দেখানো হলেও রিলায়েন্সের মতো বেসরকারি গোষ্ঠীও শুল্ক ছাড়ের সুবিধা পাবে।
Oil Price
লিটারে ১০ টাকা শুল্ক কমলেও ছাড় মিলবে না পেট্রোল পাম্পে
×
Comments :0