আদানির টাকায় ভোট করছে। ফলে আদানির হাতেই সব তুলে দেবে। এটাই বিজেপি’র রাজনীতি।
রবিবার সংবাদমাধ্যমের প্রশ্নে এই মন্তব্য করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন পুরুলিয়ায় তিনি বলেছেন, কাজ না দিয়ে রুজি কাড়ছে। তার বিরুদ্ধে চলবে লড়াই।
রাজ্যে উচ্ছেদ প্রসঙ্গে এক প্রশ্নে সেলিম বলেন, ‘‘গোটা দেশে উচ্ছেদ চলছে। গুজরাটের সুরাটে একটা গোটা কলোনি তুলে দিয়েছে। আমেদাবাদ থেকে উত্তর প্রদেশ বা দিল্লি-রাজস্থানে সর্বত্র উচ্ছেদ চলছে। দোকান-পাট-বাজার পর্যন্ত তুলে দিয়েছে।’’
সেলিম বলেন, ‘‘এরাজ্যে লুটেরাদের তাড়িয়েছেন জনতা। সরকার বদলালেও কোনও জনদরদি সরকার আসীন হয়নি।’’ তিনি বলেন, ‘‘ধর্মের দোহাই দিয়ে এলেও ভোটাধিকার কেড়ে নিয়েছে, জ্বালানির দাম বাড়িয়েছে। এরা আদানির হাতে আমাদের রেশন ব্যবস্থা, এফসিআই-কে তুলে দিয়েছে। ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার যত শস্য ভাণ্ডার তুলে দিয়েছে আদানির হাতে। এরপর ফসল সংগ্রহও দেবে আদানিকে।’’
সেলিম বলেন, ‘‘এখন স্টেশনে হকার তুলছে, এরপর বাজার তুলে দেবে। দোকান তুলে মল হয়েছে, মল থেকে অনলাইন হয়েছে। যাঁরা কাজ পাননি তাঁরা ছোট দোকান দিয়ে হকারি করছেন। তাঁদের তুলে দিচ্ছে। একে বলে ভাত দেওয়ার মুরোদ নেই, কিল মারার গোঁসাই। সুতরাং তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে।’’
সেলিম বলেন, ‘‘সুপ্রিম কোর্টের রায় আছে। সামাজিক, অর্থনৈতিক পুনর্বাসন না দিয়ে তুমি কাউকে উচ্ছেদ করতে পারো না।’’
বিজেপি এখন নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বে থাকার রেকর্ড মেয়াদ নিয়ে প্রচার করছে। এ সংক্রান্ত এক প্রশ্নে বলেন, ‘‘নরেন্দ্র মোদীর জন্য বিজেপি-কে চিনেছে। আবার মোদীর জন্যই ভুলে যাবে। যেমন মমতা ব্যানার্জির জন্য তৃণমূলকে চিনেছিল, এখন তাঁর জন্যই ভুলতে বসেছে।’’
Comments :0