surendranath college sfi

সুরেন্দ্রনাথ কলেজ থেকে উদ্ধার উইধরা টাকার স্যুটকেস, 'দুর্নীতির আঁতুরঘর' বলছে এসএফআই

রাজ্য কলকাতা

খোদ কলকাতার কলেজের ছাত্রসংসদের ঘর থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা। মঙ্গলবার শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে দুই স্যুটকেস ভর্তি উইধরা টাকা উদ্ধার হয়। এই ঘটনা কেন্দ্র করে কলেজ মধ্যে চাঞ্চল্য ছড়ায়।  
জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কার্যত বন্ধ ছিল ওই ইউনিয়নের ঘর। টাকা উদ্ধারের খবর পেয়েই সেখানে পৌঁছায় শিয়ালদহ মুচিপারা থানার পুলিশ। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, স্যুটকেস ভর্তি উইয়ে খাওয়া টাকার পাশাপাশি ঘরটি থেকে বেশ কিছু ভাউচারও উদ্ধার করা হয়েছে। ওই সমস্ত ভাউচার ব্যবহার করে অবৈধভাবে টাকা তোলা হতো বলেও মনে করছে পুলিশ। এই ঘটনার জাল কতদূর ছড়িয়ে রয়েছে তাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 
এই ঘটনায় এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "এই ঘটনা শুধুমাত্র সুরেন্দ্রনাথ কলেজের বিষয় নয়। সুরেন্দ্রনাথ কলেজ তো দীর্ঘদিন ধরেই তৃণমূলের তোলা, থ্রেট কালচার, এডমিশন সিন্ডিকেটের বড় দুর্নীতির আঁতুরঘর ছিল। কলকাতা সহ রাজ্যের অন্যান্য কলেজ থেকেও এই ধরণের অভিযোগ সামনে আসছে। ১৫ বছর ধরে বাংলার ছাত্রছাত্রীদের লুট করা হয়েছে। বাংলার কলেজের ক্যাম্পাসে ক্যাম্পাসে ১৫ বছর ধরে যে চুরির সিন্ডিকেট চলেছে তা চলতে পারেনা, আমরা চলতে দেব না। যতদ্রুত সম্ভব কলেজ প্রশাসনকে জনগণের সামনে অডিট রিপোর্ট পেশ করতে হবে। বছরের পর বছর ইউনিয়নের নামে ছাত্রছাত্রীদের থেকে যে টাকা তোলা হয়েছে , কোথায়, কী ভাবে, কতটা খরচ হলো তা জানাতে হবে।"

Comments :0

Login to leave a comment