দিল্লির যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভে পুলিশি বর্বরতার অভিযোগ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গড়ছে সুপ্রিম কোর্ট। ওই কমিটিতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রাক্তন ডিজিপি সহ সিবিআই’র প্রাক্তন ডিরেক্টর পদমর্যাদার আধিকারিকদের রাখা হবে।
মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনার ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে, মামলায় যুক্ত বিভিন্ন পক্ষের থেকে পরামর্শ নিয়ে উচ্চপর্যায়ের কমিটির সদস্যদের নাম চূড়ান্ত করা হবে।
এদিন সর্বোচ্চ আদালত আরও জানিয়েছে যে, দিল্লিতে ২০ জুলাইয়ের ‘পার্লামেন্ট অভিযান’ চলাকালীন আন্দোলনকারীদের উপর আক্রমণের ভিডিও ফুটেজ ও সিসিটিভি রেকর্ডিং ওই উচ্চ-ক্ষমতাসম্পন্ন কমিটির কাছে দেওয়া হবে।
পাশাপাশি, এই কমিটি মহিলা বিক্ষোভকারীদের করা অভিযোগ ও দাবিগুলোও খতিয়ে দেখবে। বহু মহিলাই অভিযোগ করেছেন যে দিল্লি সহ অন্যান্য এলাকায় বিক্ষোভ মিছিল চলাকালীন তাঁদের লক্ষ্যবস্তু করা হয়েছিল।
পাশাপাশি, আদালত এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতাকে শিক্ষার্থীদের নাম রয়েছে এমন সব এফআইআর-এর বিস্তারিত তথ্য জমা দিতে নির্দেশ দিয়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের মামলাগুলো বাতিলের বিরোধিতা করেন এক আইনজীবী। তাঁকে বিচারপতিরা বলেন, "এখানে শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মুখে রয়েছে। বিষয়টি আমাদের বিবেচনা করতে হবে। তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। সংবিধানের ১৯ অনুচ্ছেদ অনুযায়ী তাদের প্রতিবাদ করার অধিকার রয়েছে।"
এদিন মেহতা বলেছেন, ২০ জুলাইয়ের বিক্ষোভে অংশ নিয়েছে এমন ২,৮০০-র বেশি সমাজবিরোধীকে চিহ্নিত করেছে পুলিশ। এরা অতীতে ও জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ছিল।
এদিন আদালতে দিল্লি বিক্ষোভে মাত্রা ছাড়ানো দমনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশ। গত ২০ জুলাই এই কর্মসূচিতে পেরেক লাগানো ব্যাটনের পাশাপাশি পেলেট গানও ব্যবহার করা হয়। সারা দেশে ছড়ায় প্রতিবাদ। সংসদের মুখোমুখি হওয়ার সাহস দেখাতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এখন আদালতে আন্দোলনের সঙ্গে সমাজবিরোধীদের যোগ থাকার তত্ত্ব প্রমানে নেমেছে নরেন্দ্র মোদী সরকার। এর আগেই ছাত্ররা দাবি তুলেছিলেন যে ‘চিহ্নিত সমাজবিরোধী’ কারা সেই নামের তালিকা দেওয়া হোক।
এর আগে, শুনানিতে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে জানিয়েছিল যে কেবল বিক্ষোভ বা আন্দোলনের কারণে পুলিশের বাড়াবাড়ি বা 'লাঠিচার্জ'-কে কোনোভাবেই যৌক্তিক বলা যায় না। আদালত শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সুনিশ্চিত বলেও উল্লেখ করেছিল।
Supreme Court to form high-powered committee
ছাত্র বিক্ষোভে পুলিশি বর্বরতা, তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করছে সুপ্রিম কোর্ট
×
Comments :0