তিন মাসের বকেয়া বেতন এবং দীর্ঘদিনের মজুরি বৃদ্ধির দাবিতে শুক্রবার শান্তিপুর পৌরসভার গেটে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। ঝাড়ু-ঝাঁটা ও ঝুড়ি লাগিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন অস্থায়ী কর্মীরা। বিক্ষোভের জেরে বেশ কয়েক ঘন্টার জন্য পৌরসভার মূল গেটের বন্ধ হয়ে যায়। পৌরসভার কাজকর্ম কার্যত অচল হয়ে পরে।
বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, গত তিন মাস ধরে তাঁদের বেতন দেওয়া হয়নি। পাশাপাশি, ১৫ থেকে ১৬ বছর ধরে পৌরসভার অধীনে একই ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করলেও তাঁদের মজুরি বৃদ্ধির বিষয়ে কর্তৃপক্ষ কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। একাধিকবার বিষয়টি জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলেও দাবি তাঁদের। আগেও বিক্ষোভ চলাকালীন অবস্থায় পৌর কর্তৃপক্ষ থেকে মৌখিক একটা আশ্বাস পাওয়া গেলেও বাস্তবে তা ফলপ্রসু করা হয়নি।
অস্থায়ী কর্মীদের বক্তব্য, বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ এবং ন্যায্য মজুরি বৃদ্ধির বিষয়ে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁদের এই অবস্থান বিক্ষোভ চলবে। প্রয়োজনে পৌরসভার গেট অবরোধ করেই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এমনকি অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে অ্যাম্বুলেন্স ও শবদেহ যান গাড়ি, স্থায়ী কর্মী ও পৌরসভার আধিকারিকরাও গেটের ভেতরে প্রবেশ করতে পারেনি। ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা দ্রুত সমস্যার সমাধানের জন্য পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানান। তবে এই ঘটনার বিষয়ে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Comments :0