Corrupt Udayan Guha

উদয়ন গুহ’র দুর্নীতির সাতকাহন!

রাজ্য জেলা

ঔদ্ধত্বের মাথায় হেলমেট ।। ছবি অমিত কুমার দেব

জয়ন্ত সাহা- দিনহাটা
দিনহাটার মানুষ দেখলেন ঔদ্ধত্বের মাথায় হেলমেট। বৃহস্পতিবার সকালে সড়কপথে দিনহাটা থানায় নিয়ে আসা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দাপুটে তৃণমূল নেতা উদয়ন গুহকে। তারপর তার স্বাস্থ্য পরীক্ষার পর নিয়ে যাওয়া হয় মহকুমা হাসপাতালে। সেখান থেকে সোজা নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা আদালতে। থানা থেকে হাসপাতাল এবং আদালতে নিয়ে যাওয়ার পথে প্রীজন ভ্যানের ওপর শুরু হয় পচা ডিম, টমেটো আর নর্দমার পাঁক বৃষ্টি। প্রিজন ভ্যানের পেছনের কাঁচও ভেঙে যায় এক সময়ে। মনে করা হচ্ছে ঢিলের আঘাতে কাঁচ ভেঙেছে। শুধু উদয়ন গুহকেই হেলমেট পড়ানো হয়েছে তা নয়, প্রিজন ভ্যানের চালকও আত্মরক্ষার জন্য হেলমেট পড়েছিলেন এদিন।
মহকুমা আদালতে তোলা হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের পুলিসি হেপাজত চাইলেও বিচারক ৭ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দাপুটে তৃণমূল নেতা উদয়ন গুহ’র দুর্নীতির সাতকাহন এখন জেলার সীমানা ছাড়িয়ে সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। ২০১৬ সালে তৃণমূলে যোগ দিয়েই তিনি কাটমানি আর তোলাবাজিতে হাত পাকিয়েছিলেন সেটা স্পষ্ট হচ্ছে। তখন তিনি দিনহাটা পৌরসভার চেয়ারম্যান। সরকারি ঘরের জন্য নিজের বাড়ির পরিচারিকার কাছেও কাটমানির টাকা নিয়েছিলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ স্বয়ং? বুধবার তিনি কলকাতায় গ্রেপ্তার হবার দিনেই এমন অভিযোগ সামনে এসেছে দিনহাটায় ! নিজের বাড়ির পরিচারিকার থেকে দুদফায় মোট ৪৩ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ। সূত্রের খবর, সেই পরিচারিকার স্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিল পুলিশ এবং সেই প্রতারিত উপভোক্তা বুধবার ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দীও দিয়েছেন।
প্রসঙ্গত, দিনহাটা পৌরসভার ‘হাউজিং ফর অল’ প্রকল্পে লাগামহীন দুর্নীতির অভিযোগ বারংবার তুলে এসেছিলেন বামফ্রন্ট। অভিযোগ, সেই দুর্নীতির আঁচ পৌছে গিয়েছিল খোদ তৎকালীন মন্ত্রীর হেঁশেলেও। জানা গিয়েছে, শহরের বাসিন্দা গোপা দাস সাহা পেশায় রাঁধুনি উদয়ন গুহের বাড়িতে রান্না করতেন। তাঁর স্বামী গোপাল সাহার ফুল বিক্রেতা। অভিযোগ, তাদের কাছ থেকে দুদফায় মোট ৪৩ হাজার টাকা কাট মানি নেওয়া হয়েছে। গত ১১ জুন  গোপাল সাহা উদয়ন গুহের বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন। ১৭ জুন দিনহাটা মহকুমা আদালতে গোপন জবানবন্দী দেন বলে জানা গেছে!
অভিযোগ উঠছে উদয়ন গুন নিজের প্রয়াত বাবা কমল গুহ’র জন্মদিন পালনেও দেদার টাকা তুলেছেন বিভিন্ন জায়গা থেকে। এমন কি দিনহাটা কলেজের ফান্ড থেকেও ৫ লক্ষ টাকা নেবার অভিযোগ সামনে এসেছে! তার নিজের একটা বই কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে। সেই বই দিনহাটা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কিনতে বাধ্য করেছেন। গত পঞ্চায়েত ভোটে দলের সদস্যদের টিকিট পাইয়ে দিতে এবং প্রধান নির্বাচন করতেও কোটি কোটি টাকা তুলেছেন উদয়ন গুহ! এছাড়াও দিনহাটা কলেজ ও পৌরসভায় চাকরি দেবার নাম করে টাকা নেবার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিএলআরও অফিসে জমির রেকর্ড বদল, ভুয়ো দলিল করিয়ে টাকা হাতানোর কাজেও নাম জড়িয়েছে তার!
উদয়ন গুহ’র সব চাইতে বড় দুর্নীতি শুরু হয় তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হবার পর থেকেই। তার মন্ত্রী হবার পর ৩০০ কোটি টাকার কাজ নিয়ে সিন্ডিকেট গড়ে লুটের ঘটনা রয়েছে আতশ কাঁচের নিচে। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নিঃশব্দে লুট হয়েছে এমন ধারনা উত্তরবঙ্গের মানুষের। উত্তরকণ্যার অন্দরে কান পাতলেই তার কুকীর্তির হরেক ঘটনা শোনা যাচ্ছে। অভিযোগ টেন্ডার ফাইলেই লুকিয়ে আছে দুর্নীতির কাহিনী। নিয়মকে তোয়াক্কা না করেই পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়া হত। নেপথ্যে হাত বদল হয়েছে কোটি কোটি টাকা। কাটমানি দিয়ে কাজ পেয়ে নিম্নমানের কাজ হয়েছে। পীচ রাস্তা থেকে কালভার্ট, সেতু,জলের পাইপ লাইন। সবেতেই ব্যাপক দুর্নীতি হয়েছে। জলের পাইপ লাইন, সেতু, কালভার্ট উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়েছে একাধিক জায়গায়। তবুও প্রতিক্ষেত্রেই ঠিকাদার কমপ্লিকেশ সার্টিফিকেট পেয়ে পেমেন্ট তুলে নিয়েছে। প্রতি ক্ষেতেই আধিকারিকেরা চোখ বন্ধ রেখে গেছেন গত ৫বছর।
উত্তরবঙ্গের মানুষের বদ্ধমূল ধারনা তদন্ত হলে অস্তিত্বহীন প্রকল্পের হদিস মিলবে। সূত্রের খবর উদয়ন গুহ মন্ত্রী থাকার সময়ে ৮ জন ঠিকাদারকে নিয়ে ‘কোর গ্রুপ’ গড়েছিলেন মন্ত্রী। এদের সাহায্য করতেন দপ্তরের জনাকয়েক আমলা। এই ঠিকাদারদের মধ্যে দিনহাটার চৌধুরীরহাটের এক ঠিকাদার এবং কোচবিহারের এক অবাঙালী ঠিকাদারের ইশারাতেই ঠিক হত কে বরাত পাবে কে পাবে না। অন লাইন টেন্ডার নিয়ন্ত্রণ করতেন দপ্তরের আধিকারিকরদের জানা কয়েকজন। আসলে উত্তরকণ্যাকে যতই মিনি সচিবালয় বলা হোক না কেন, গত ৫ বছরে সেটা হয়ে উঠেছিল উদয়ন ঘনিষ্ট ৮ ঠিকাদারের মৃগয়াক্ষেত্র! শিলিগুড়ির এক ঠিকাদার যিনি নিজেকে মন্ত্রীর আত্মীয় বলে পরিচয় দিতেন তিনিও কাটমানি তুলে পৌঁছে দিতেন মন্ত্রীর  দিনহাটার ডেরায়! উদয়ন গুহ মন্ত্রী হবার পরেই গড়েছিলেন নিজস্ব বাহিনী। যা নিয়ন্ত্রণ করতেন উদয়ন পুত্র সায়ন্তন। বাহিনীর সদস্যরা নিজেদের ব্যবসায়ী বা ঠিকাদার বলে দিনহাটায় পরিচয় দিলেও এদের কাউকেই কেউ কখনও কোন কাজ করতে দেখে নি। অথচ এরা প্রত্যেকেই এখন একাধিক গাড়ি বাড়ির মালিক। মনে করা হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজের কাটমানি দিয়েই এদের পুষতেন উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে নিয়োগ নিয়েও আছে অনিয়মের অভিযোগ। নিয়োগ নিয়ে অভিযোগ জমা পড়ছে প্রশাসনের কাছে। পেভার্স ব্লকের রাস্তা নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। পেভার্স ব্লক যারা তৈরি করে তাদের থেকে মোটা কাটমানি নিয়ে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। টেন্ডার হলেই ঠিকাদারদের বলে দেওয়া হত কোন জায়গা থেকে পেভার্স ব্লক কিনতে হবে। পেভার্স ব্লক পিছু ৩/৪ টাকা কাটমানি যেত উদয়ন গুহ-র কাছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের গত ৫ বছরের ফাইল খোলার বিষয়ে নতুন মন্ত্রী কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে উত্তরবঙ্গের আমজনতা।

Comments :0

Login to leave a comment