আগামী ছয় মাসের মধ্যেই নাকি রাজ্যের পর্যটন শিল্পে পরিবর্তন দৃশ্যমান হবে। পর্যটন ও চা শিল্পের সমন্বয়ে রাজ্যে উন্নয়নের নতুন রূপরেখা গড়ে তোলা হবে। সোমবার শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে পর্যটন দপ্তরের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর এমনটাই জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। বলেছেন, দীর্ঘদিনের উপেক্ষা অবহেলা কাটিয়ে পর্যটন মানচিত্রে নতুন করে পশ্চিমবঙ্গকে স্থান করে দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর। শুধু তাই নয়, পর্যটন শিল্পকে রক্ষা করতে এবং পর্যটকদের হয়রানি কমাতেও বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। পর্যটকদের হয়রানি বন্ধে ট্রাফিক ব্যবস্থার উন্নতির বিষয় নিয়ে ইতোমধ্যেই জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। বিগত তৃণমূল সরকারের ব্যর্থতা, আগামীদিনের পরিকল্পনা, পর্যটন শিল্পের সমস্যা, পরিকাঠামোগত উন্নয়ন, নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি। পর্যটনমন্ত্রীর দাবি, প্রথম দিন থেকেই লিজ ল্যান্ডের ফ্রি হোল্ড নিয়ে বিধানসভায় আপত্তি করে এসেছি। পর্যটন ও চা শিল্প যাতে একে অপরের পরিপূরক হতে পারে সেক্ষেত্রে বাগান মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে সমন্বিত রাস্তা খুঁজে বের করা হবে। পর্যটনের প্রসারে যাতে চা শিল্প ধ্বংস না হয় সেটাই আমাদের মূল লক্ষ্য। সরকারি বাংলো ও রিসোর্টগুলিতে বুকিং ব্যবস্থাকে সম্পূর্ণ অনলাইন করার পক্ষে আমরা। যাতে করে বুকিং স্ট্যাটাস সাধারণ মানুষ নিজেরাই দেখতে পারেন। আগামীদিনে পিপিপি মডেলে কাজ করার পরিকল্পনা আছে। নিয়ম মেনে উন্নয়নের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। উন্নয়নের পথে কোন বাধা মানা হবে না। পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট বিষয়ে পর্যটন দপ্তরের বিভিন্ন অফিস থেকে অনিয়মের যে সমস্ত অভিযোগ এসেছে সেই অভিযোগগুলি খতিয়ে দেখে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশে দেওয়া হয়েছে।
Tourism Minister
ছয় মাসেই পর্যটন শিল্পে পরিবর্তন হবে, দাবি মন্ত্রীর
×
Comments :0