Md Salim

শ্রমজীবীর ওপর আক্রমণ প্রতিরোধই লক্ষ্য এখন: সেলিম

রাজ্য জেলা

রামশঙ্কর চক্রবর্তী: পাঁশকুড়া

নির্বাচনের আগে ভোটাধিকার সহ নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল। নির্বাচন পরবর্তী সময়ে রুটি-রুজির উপর আক্রমণ করা হচ্ছে। এসআইআর পর্ব থেকে এ হকার উচ্ছেদের সময় বামপন্থীরা বিপন্ন মানুষের পাশে রয়েছে। এ কাজ একমাত্র বামপন্থীরাই পারে। সংগ্রামী সব অংশকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধের মিছিলে শামিল করাই তাই এখন লক্ষ্য। 
রবিবার পাঁশকুড়াতে সিপিআই(এম)’র সাধারণ সভায় একথা বলেন পার্টি রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন সিপিআই(এম) পাঁশকুড়া জোনাল সাংগঠনিক কমিটির ডাকে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবীন্দ্র নজরুল সদনে। বর্তমান সময়ে সিপিআই(এম)’র সদস্য ও কর্মীদের করণীয় কর্তব্য বিষয়ে আলোচনা করেন মহম্মদ সেলিম, সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্ত্তী, জেলা সম্পাদক নিরঞ্জন সিহি। ছিলেন ইব্রাহিম আলি, মহাদেব মাইতি, নিতাই সান্নিগ্রহী, শেখ সাহাজুদ্দিন, নাজির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
মহম্মদ সেলিম বলেন, "এসআইআর পর্বে কয়েক লক্ষ বৈধ মানুষের নাম বাদ পড়েছিল। প্রথম থেকেই সিপিআই(এম)’র দাবি ছিল বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার। কিন্তু নির্বাচন হলো কয়েক লক্ষ বৈধ ভোটারকে বাদ দিয়েই। সেই সমস্ত ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা পর্যন্ত লড়াই থেকে পিছু হটা যাবে না। নাগরিক অধিকার রক্ষায় সিপিআই(এম)'র কর্মীদের সামনের সারিতে থাকতে হবে।’’ 
সেলিম বলেন, ‘‘নির্বাচনে কর্পোরেট ধনীদের সহযোগিতায় জয়ী হয়েছে বিজেপি। ফলে তাদেরই স্বার্থ পূরণ করতে তৎপর হয়েছে। নির্বিচারে গরিব হকারদের উচ্ছেদ করা চলছে। রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একমাত্র প্রতিরোধের লড়াই করছে বামপন্থীরা। সেই লড়াই যেমন রাস্তায় তেমন আদালতেও হয়েছে। মনে রাখতে হবে যখন বুলডোজার চলে তখন কোন ধর্ম বর্ণ দেখা হয় না। তখন কর্পোরেট আর গরিব এই দুই শ্রেণি সামনে থাকে‌। ফলে বুলডোজার চললে হিন্দু আর মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই আক্রান্ত হচ্ছেন।’’ 
তিনি বলেন, ‘‘নির্বাচনে জয় পরাজয় একটা পার্থক্য তৈরি করে কিন্তু তা দীর্ঘস্থায়ী নয়। বামপন্থীদের প্রাথমিক যা কাজ সেই কাজ অবিরত করতে হবে। শ্রমজীবী অংশের মানুষের স্বার্থ রক্ষাই একমাত্র লক্ষ্য। ফলে যেখানে শ্রমজীবী মানুষের উপর আক্রমণ হবেই সেখানে প্রতিরোধের জন্য সামনে থাকতে হবে আমাদের।’’

Comments :0

Login to leave a comment