আসামী ছিনিয়ে নেওয়ার তৃণমূলী রীতি এখনও অব্যাহত রাজ্যে। রবিবার পুলিশের হাত থেকে আসামীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানার কল্যানপুর-নোয়াপাড়ায়। মামলায় অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতিকে পুলিশ এদিন গ্রেপ্তার করতে গেলে গ্রামের মহিলাদের সামনে এগিয়ে দেওয়া হয়। পুলিশের সামনে বিক্ষোভ, পুলিশের গাড়ি আটকে অভিযুক্তকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। ঘটনা ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। তবে প্রথম দফায় পালিয়ে গেলেও পড়ে বিরাট পুলিশ বাহিনী গ্রাম ঘিরে ফেলে তাঁকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। তবে ঘটনা জানান দিয়েছে তৃণমূলী দুষ্কৃতীদের রাজ্যপাট গেলেও তাঁদের বেপরোয়াপনা, ঔদ্ধত্যে লাগাম পড়ে নি। অভিযুক্তের নাম তাহিরুল সেখ। তিনি স্থানীয় ভ্রমরকল অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতির পদে আছেন বলে জানা গেছে। এই তৃণমূল নেতার বিরুদ্ধে বিগত বিধানসভা নির্বাচনের দিন বুথে সামনে ভীড় করে বিজেপির পোলিং এজেন্ট ও অন্যান্য কর্মীদের মারধরের অভিযোগ রয়েছে। সেই ঘটনায় মামলা রুজু হয়েছিল। সেই মামলায় পুলিশ খুঁজছিল তৃণমূলের এই অঞ্চল সভাপতিকে। এদিন গোপন সূত্রে পুলিশ অভিযুক্তের ডেরার হদিশ পেয়ে গ্রেপ্তার করতে যায়। তখনই মহিলা সহ গ্রামবাসীদের লেলিয়ে দেওয়া হয় পুলিশের দিকে। মহিলাদের বাঁধায় পুলিশ থমকে যায়। অভিযুক্তকে ছিনিয়ে নেয়। তবে পরে বিশাল পুলিশ বাহিনী গ্রাম ঘিরে অভিযুক্তকে ধরা দিতে বাধ্য করে। তবে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গ্রামে। পুলিশের এক কর্তা জানিয়েছেন, পুলিশের কাজে যারা বাঁধা দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
TMC Leader Arrested
পুলিশের হাত ছিনিয়ে নেওয়া তৃণমূল নেতাকে ফের গ্রেপ্তার
×
Comments :0