জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হল। ঘটনায় আরও এক মহিলা গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গাদং-১ গ্রাম পঞ্চায়েতের গোলাপ মুন্সী মোড় এলাকায়। মৃতার নাম রত্না রায় (৪৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর দুটো নাগাদ রত্না রায় ও অপর এক মহিলা পাশের কৃষিজমিতে গরু আনতে যান। সেই সময় আচমকাই আকাশ কালো করে তীব্র বজ্রপাত শুরু হয়। বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে জমির মধ্যে দু’জনেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের দাবি,বজ্রাঘাতে রত্না রায়ের শরীরের একাধিক অংশ গুরুতর ভাবে জখম হয়। গলার একাংশেও গভীর ক্ষত তৈরি হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। অপর মহিলাও বজ্রাঘাতে আহত হন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বজ্রপাতের অভিঘাত এতটাই তীব্র ছিল যে জমিতে দু’জন মহিলা ছিলেন সেখানে তার চিহ্ন ও গভীর দাগ দেখা যায়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের জন্য দেহটি জলপাইগুড়ি মর্গে পাঠানো হবে।
হঠাৎ বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। একই সঙ্গে বর্ষার সময়ে কৃষিজমি ও খোলা এলাকায় বজ্রপাতের ঝুঁকি নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
Lightning Strikes
বাজ পড়ে মহিলার মৃত্যু, আহত আরও এক
×
Comments :0