রাজ্যে শিল্প সংস্কৃতির অন্যতম কেন্দ্র আকাদেমি অব ফাইন আর্টসে হয়েছে সঙ্ঘ পরিবারের দখলদারি। ঘর দখল করে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। শনিবার তার প্রতিবাদ জানালেন শিল্পী-সংস্কৃতিকর্মীরা।
বিক্ষোভ সভায় যোগ হয়েছে দিল্লিতে অনশনরত সোনাম ওয়াঙচুককে জোর করে তুলে নেওয়ার ঘটনাও। প্রতিবাদ জানানো হয়েছে রাজ্যে একের পর এক জায়গায় গরিব মানুষকে উচ্ছেদের বিরুদ্ধেও।
এদিন আকাদেমি অব ফাইন আর্টস চত্বরে অনুষ্ঠিত শ্রমিক-শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদ সমাবেশে উঠেছে প্রতিরোধের কথা। আকাডেমি অব ফাইন আর্টস ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে এই সমাবেশ হয়। বক্তব্য রাখেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অধ্যাপিকা মালিনী ভট্টাচার্য সহ বিশিষ্টরা। এদিন সমাবেশে সংগীত পরিবেশও করা হয়। প্রতিবাদের গান গেয়েছেন অর্ক মুখার্জি সহ অন্য শিল্পীরা।
ইউনিয়নের তরফে বলা হয়েছে, গত ২৮ জুন আকাদেমি চত্বরে বহিরাগতরা প্রবেশ করে ইউনিয়নের পোস্টার ও ব্যানারে ভাঙচুর করে এবং প্রধান গেটের পাশের একটি ঘর দখল করে। সেই ঘর রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ঘটনার নিন্দা করেছেন প্রগতিশীল শিল্পী ও সংস্কৃতি কর্মীরা।
সমাবেশে শমীক লাহিড়ী বলেন, "বাংলার কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য, নাটক ও চলচ্চিত্রের ঐতিহ্য রক্ষার জন্য সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে মুখরিত হতে হবে। তাঁর বক্তব্যে তিনি কুসংস্কার, অন্ধবিশ্বাস ও বিজ্ঞানবিরোধী প্রবণতার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক লড়াইয়ের আহ্বান জানান।
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, অ্যাকাডেমি অব ফাইন আর্টস কোনও সরকারি প্রতিষ্ঠানের সৃষ্টি নয়। এটি শিল্পপ্রেমী লেডি রানু মুখার্জির প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র। তিনি অভিযোগ করেন, ইতিহাস ও সাংস্কৃতিক মূল্যবোধকে আঘাত করে বৈজ্ঞানিক যুক্তিবাদের পরিবর্তে ধর্মীয় বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
সমাবেশে উপস্থিত বক্তারা দাবি করেন, অ্যাকাডেমি অব ফাইন আর্টসের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য ও সাংস্কৃতিক চরিত্র অক্ষুণ্ণ রাখতে শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী, শ্রমিক এবং সাধারণ মানুষকে একজোট হতে হবে।
academy of fine arts PROTEST
সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে শ্রমিক, শিল্পীদের বিক্ষোভ আকাদেমিতেই
×
Comments :0