Zen Alpha Protest Unnao

খারাপ খাবার, জলের অভাব, নেই শিক্ষকও: এবার স্কুল ছাত্র বিক্ষোভ উন্নাওয়ের

জাতীয়

দেশজুড়ে একের পর এক স্কুলে ছাত্রছাত্রীদের প্রতিবাদ বেড়েই চলেছে। এই তালিকায় এবার যুক্ত হলো উত্তর প্রদেশের উন্নাও জেলার সরকারি আবাসিক স্কুল। 
বুধবার জয়প্রকাশ নারায়ণ সর্বোদয় বিদ্যালয়ের একশোর বেশি ছাত্রছাত্রী বিক্ষোভ দেখায়। উন্নাওয়ে বুধবার সকাল ৭টা নাগাদ পড়ুয়ারা প্ল্যাকার্ড হাতে চৌরাস্তায় অবস্থানে বসে।
পড়ুয়াদের অভিযোগ, বিদ্যালয়ে নিম্নমানের খাবার পরিবেশন করা হয় এবং পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। শিক্ষকের অভাবে পড়াশোনাও ব্যাহত হচ্ছে।হাসনগঞ্জ মহকুমার মোহন মোড়ে এই জয়প্রকাশ নারায়ণ সর্বোদয় বিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভ দেখায়। পাশাপাশি প্রধান শিক্ষকের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করে ছাত্রছাত্রীরা। বিক্ষোভের জেরে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে যায়।  উত্তরপ্রদেশে সাম্প্রতিক সময়ে স্কুল পড়ুয়াদের একের পর এক ‘জেন আলফা প্রতিবাদ’ দেখা যাচ্ছে। রাজ্যের সমাজ কল্যাণ দপ্তর পরিচালিত একই ধরনের বিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভ দেখিয়েছে। 
গত ১৪ লক্ষ্ণৌয়ে আগস্ট ছাত্ররা এবং ১৭ আগস্ট বৃষ্টির মধ্যেও ছাত্রীরা রাস্তায় নেমে শিক্ষক-সংকট ও অন্যান্য সুযোগ-সুবিধার অভাবের অভিযোগ তোলে। দু’দিনই সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকে। সম্প্রতি ফতেপুর, হামিরপুর ও কনৌজ জেলাতেও একই ধরনের সমস্যা নিয়ে পড়ুয়ারা বিক্ষোভ করেছে।
পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পড়ুয়াদের বিক্ষোভ তুলে নিতে বলেন। সমাজকল্যাণ দপ্তরের আধিকারিকরাও সেখানে পৌঁছে পড়ুয়াদের অভিযোগ শোনেন। পড়ুয়ারা জানায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়া হবে। সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রীদের উপস্থিতি দাবি করে।
জেলা শাসক ঘনশ্যাম মীনা এবং পুলিশ সুপার জয়প্রকাশ সিং বিদ্যালয়ে পৌঁছে পড়ুয়াদের সঙ্গে খাবার খান। তাঁরা জানান যে পরিস্থিতি শান্ত হয়েছে।
হাসানগঞ্জের মহকুমা শাসক শালিনী সিং তোমর দাবি করেছেন যে পড়ুয়াদের সমস্যাগুলি সমাধান করা হয়েছে। কিন্তু ছাত্রছাত্রীদের রাস্তায় নেমে বিক্ষোভ কেন দেখাতে হচ্ছে, খাবার বা পানীয় জল দেখার জন্য প্রশাসনের নিজস্ব নজরদারি কোথায়, সে প্রশ্ন উঠেছে। 
এই স্কুলে বিদ্যালয়ে প্রাথমিক স্তরের পাশাপাশি দশম ও একাদশ শ্রেণির পড়ুয়ারাও রয়েছে।

Comments :0

Login to leave a comment