CJP Protest

অনির্দিষ্টকালের অনশনে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, অনশন মঞ্চে বৃন্দা কারাত

জাতীয়

সমাজকর্মী সোনম ওয়াংচুককে যন্তর মন্তর থেকে সফদরজং হাসপাতালে স্থানান্তরের পর আন্দোলন আরও জোরদার করলো ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার থেকেই সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও তুলেছে সংগঠনটি।
সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে অভিজিৎ দিপকে জানান, ‘আমি এই মুহূর্ত থেকেই অনির্দিষ্টকালের অনশন শুরু করছি।’ পরে সিজেপির তরফে আরও একটি পোস্টে লেখা হয়, ‘মোদীকে পদত্যাগ করতেই হবে।’
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এতদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চললেও, ওয়াংচুককে হাসপাতলে নিয়ে যাওয়ার পর আন্দোলনের দাবির পরিধি আরও বিস্তৃত হয়েছে। সংগঠনের দাবি, ২০ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরুর দিন নির্ধারিত সংসদ অভিযানের কর্মসূচি কোনওভাবেই বাতিল করা হবে না।
সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, শনিবার সকালে দিল্লি পুলিশ সোনম ওয়াংচুককে জোর করে সরিয়ে নিয়ে যায় এবং সেই সময় আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি ও মারধরের ঘটনাও ঘটে। তার দাবি, সকালে আন্দোলনকারীরা অল্প সময়ের জন্য বিশ্রামে থাকাকালীন পুলিশ এই অভিযান চালায়।
রাঙ্কা বলেন, ‘আমরা যন্তর মন্তরে রয়েছি। সোনম ওয়াংচুককে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অভিজিৎ দিপকে অনশন শুরু করেছেন। আমরা এখান থেকে সরব না। ২০ জুলাই সংসদ অভিযানে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
দিপকের অনশন মঞ্চে উপস্থিত হয়েছেন সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত। এর আগে তিনি ওয়াংচুকের অনশন মঞ্চেও উপস্থিত ছিলেন। এদিন বৃন্দা কারাত বলেন, ‘অমিত শাহের নির্দেশে এই কাজ হয়েছে। একজন ব্যাক্তির সম্মতি ছাড়া তাকে এই ভাবে তুলে নিয়ে যাওয়া যায় না। ওয়াংচুকের সাথে যেই কাজ হয়েছে তা কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারি মনোভাব ফুটে ওঠে। নিট পরীক্ষার দুর্নীতির দায় সরকারকেই নিতে হবে। ধর্মেন্দ্র প্রধান কখনও এই দায় এড়িয়ে যেতে পারেন না।’
অন্যদিকে, দিল্লি পুলিশের দাবি, সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনেই তাকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের বক্তব্য, তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে যন্তর মন্তর ছেড়ে যাওয়ার আবেদনও জানানো হয়েছে।
পুলিশি পদক্ষেপের পর অভিজিৎ দিপকে অভিযোগ করেন, আন্দোলনকারীদের উপর দমন-পীড়ন চালানো হয়েছে এবং তাকেও মারধর করে আটক করা হয়েছিল।
এদিকে, সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো জানিয়েছেন, পরিবারের সম্মতি এবং এতদিন ধরে তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের অনুমতি ছাড়া ওয়াংচুককে কোনও চিকিৎসা বা ওষুধ দেওয়া উচিত নয়।
সিজেপির পক্ষ থেকে শুক্রবারের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে সরকারি চিকিৎসকদের ওয়াংচুককে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়ে মতামত জানতে দেখা যায়। ভিডিওতে ওয়াংচুককে বলতে শোনা যায়, ‘এটি কোনও রোগ বা শারীরিক সমস্যা নয়, এটি আমার নিজের বেছে নেওয়া পথ।’ ভিডিওতে উপস্থিত চিকিৎসক সতীশ লাম্বাকে বলতে শোনা যায়, আদালত কেবল ওয়াংচুকের স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে, হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেয়নি।
উল্লেখ্য, নিট পরীক্ষায় অনিয়ম এবং সেই বিতর্ককে ঘিরে ছাত্রছাত্রীদের মৃত্যুর অভিযোগের প্রতিবাদে সিজেপির আন্দোলনের সমর্থনে গত ২৮ জুন থেকে অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন সোনম ওয়াংচুক। আন্দোলনকারীদের দাবি, ২০ জুলাই নির্ধারিত সংসদ অভিযান পূর্বঘোষিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

Comments :0

Login to leave a comment