Accident

বেহালায় দুই বাসের রেষারেষির মাঝে পড়ে প্রাণ গেল স্কুটার আরোহীর, উত্তেজনা এলাকায়

কলকাতা

কলকাতার বেহালায় যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই বেসরকারি বাসের রেষারেষির মাঝে পড়ে এক স্কুটার আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাসচালকদের বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল প্রায় ৯টা ৪৫ মিনিট নাগাদ বেহালা চৌরাস্তার কাছে শিমুলতলা মার্কেটের সামনে টেলিফোন এক্সচেঞ্জ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এসপ্ল্যানেড-ডায়মন্ড হারবার রুটের একটি বেসরকারি বাস অন্য একটি বাসের সঙ্গে যাত্রী তোলাকে কেন্দ্র করে রেষারেষি করছিল। সেই সময় মাঝখানে পড়ে যান এক স্কুটার আরোহী। একটি বাস স্কুটারটিকে ধাক্কা মারলে তিনি গুরুতর জখম হন। সংঘর্ষের জেরে স্কুটারটিও দুমড়ে-মুচড়ে যায়।
আহত ব্যক্তিকে দ্রুত বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে বেহালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া দুই বাসচালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, যাত্রী তোলার জন্য বেসরকারি বাসগুলির বেপরোয়া গতিতে চলাচল এই এলাকায় নিত্যদিনের ঘটনা। বারবার অভিযোগ জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাদের দাবি।
উল্লেখ্য, ২০২৩ সালে বেহালার বারিশা হাই স্কুলের এক ছাত্র রাস্তা পার হওয়ার সময় একটি লরির ধাক্কায় প্রাণ হারিয়েছিল।

Comments :0

Login to leave a comment