BJP

মোদীর ২৫ বছরের রাজনৈতিক জীবন তুলে ধরতে মাসব্যাপী ‘সেবা সংকল্প’ অভিযান বিজেপির

জাতীয়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের জনজীবনকে সামনে রেখে মাসব্যাপী ‘সেবা সংকল্প’ অভিযান শুরু করার ঘোষণা করলো বিজেপি। আগামী ১৭ সেপ্টেম্বর মোদীর জন্মদিন থেকেই এই কর্মসূচি শুরু হবে। দলীয় সূত্রে জানানো হয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মোদীর ‘সেবা ও আত্মনিবেদনের’ যাত্রা এবং তার সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগগুলি তুলে ধরা হবে।
বুধবার বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন জানান, প্রধানমন্ত্রীর জন্মদিনটি ‘সেবা দিবস’ হিসেবে পালন করা হবে। এক মাস ধরে চলা ‘সেবা সংকল্প’ অভিযানে সাধারণ মানুষের জীবনে গত ২৫ বছরে কী ধরনের পরিবর্তন এসেছে, তা তুলে ধরা হবে।
নিতিন নবীনের দাবি, ‘মোদীর জনসেবার বার্তা বিজেপি প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেবে।’ তার কথায়, প্রধানমন্ত্রী দেশের যুবসমাজের মধ্যে নতুন আশার সঞ্চার করেছেন। পাশাপাশি উন্নয়নের ক্ষেত্রে মহিলাদের নেতৃত্ব ও অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।
সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরে বিজেপি সভাপতি দাবি করেন, ২৫ কোটি পরিবারকে দারিদ্র্য থেকে বের করে আনা হয়েছে। তার আরও দাবি, মোদীর নেতৃত্বে ভারত ‘ফ্র্যাজাইল ফাইভ’-এর তকমা থেকে বেরিয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও মোদীর আমলে ভারতের মর্যাদা ও গ্রহণযোগ্যতা বেড়েছে বলে দাবি করেন তিনি।
বিজেপির বক্তব্য, ‘সেবা সংকল্প’ অভিযানের মাধ্যমে প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনজীবনের বিভিন্ন পর্যায় এবং দেশের উন্নয়নে তার ভূমিকা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।

Comments :0

Login to leave a comment