নিট প্রশ্নফাঁস ইস্যুতে টানা কয়েক সপ্তাহের ছাত্র আন্দোলনের জেরে শিক্ষা মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার দু'দিন পর সোমবার সংসদে পৌঁছতেই বিজেপি ও এনডিএ সাংসদদের উষ্ণ অভ্যর্থনা পেলেন ধর্মেন্দ্র প্রধান। সংসদ ভবনে তার প্রবেশের সময় ‘ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ’ স্লোগান ওঠে।
গাড়ি থেকে নেমে হাসিমুখে হাত জোড় করে সাংসদদের অভিবাদন জানান ওড়িশার এই সাংসদ। এরপর তাকে ঘিরে ধরেন বিজেপি ও এনডিএ-র একাধিক সদস্য। কেউ তার মাথায় ঐতিহ্যবাহী টুপি পরিয়ে দেন, আবার কেউ কাঁধে উত্তরীয় তুলে দিয়ে সংবর্ধনা জানান। পদত্যাগের পর দলের পক্ষ থেকে এই সংবর্ধনা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তবে এই ঘটনাকে কড়া ভাষায় আক্রমণ করেছে কংগ্রেস। রাজ্যসভার কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী বলেন, ‘বিলকিস বানোর ধর্ষণ মামলার দোষীদের মুক্তির পর যেভাবে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছিল, এটাও সেই একই মানসিকতার বহিঃপ্রকাশ। এটাই ওদের অভ্যাস।’
প্রসঙ্গত, ২০২২ সালে গুজরাট সরকার বিলকিস বানো দলব্ধধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ১১ জনকে আগাম মুক্তি দিলে তা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। জেল থেকে বেরিয়ে আসার পর তাদের মিষ্টি খাইয়ে এবং পা ছুঁয়ে অভ্যর্থনা জানানোর ছবি প্রকাশ্যে আসায় ব্যাপক সমালোচনা হয়।
নিট প্রশ্নফাঁস এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে ছাত্র আন্দোলন চলছিল। সামাজিক মাধ্যমে সংগঠিত ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন দিল্লির যন্তর-মন্তর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে।
শনিবার প্রধানমন্ত্রীকে পাঠানো পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান জানান, ‘গত কয়েক দিনের ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। এটি আমার ব্যক্তিগত সম্মানের বিষয় নয়। দেশের যুবশক্তিই ভারতের প্রকৃত শক্তি। আমি চাই না দেশের তরুণ প্রজন্ম বিভ্রান্তি ও অনিশ্চয়তার চক্রে আটকে পড়ুক।’
সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের ঠিক আগেই তার পদত্যাগ সামনে আসে। পরে সিজেপি জানায়, সরকারের সঙ্গে আলোচনায় তাদের সমস্ত গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়া হয়েছে। সেই কারণেই তারা দীর্ঘদিনের আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
BJP
পদত্যাগের পর সংসদে ধর্মেন্দ্র প্রধানকে সংবর্ধনা বিজেপি-এনডিএ সাংসদদের, কটাক্ষ কংগ্রেসের
×
Comments :0