High Court

যোগ অনুষ্ঠানে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয় জানিয়ে দিল হাইকোর্ট

রাজ্য

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানের সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক নয়। শুক্রবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মীদের যেতেই হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে এমন নির্দেশিকা জারি জরা হয়েছিল। তার বিরুদ্ধে হাইকোর্টের মামলা করা হয় রাজ্য কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে। এদিন মামলায় জয়ের পর সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আজকে চূড়ান্ত রায় দানে কোর্ট নির্দেশ দিয়েছে যোগায় অংশগ্রহণ রাজ্য কর্মীদের বাধ্য করা যাবে না। কোন কর্মী অংশগ্রহণ না করতে চাইলে প্রশাসন কর্মচারীর বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নিতে পারবে না।’
মামলাকারিদের পক্ষ থেকে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘রবিবার রেড রোডে যোগ অনুষ্ঠান। যার জন্য রেড রোড সাতদিন বন্ধ রাখা হয়েছে সেই অনুষ্ঠানকে সফল করার জন্য সকল সরকারি কর্মী এমনকি চুক্তি ভিত্তিক কর্মীদের বলা হয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। নির্দেশিকাও জারি করে সরকার। এমন আদেশ সংবিধান স্বীকৃত নয়। তারপর মামলা করা হয় আদালতে। রাজ্য কো-অর্ডিনেশন কমিটি সেই মামলা করে। গতকাল মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী বলেন তারা অনুষ্ঠানে যোগদানকে বাধ্যতামূলক বলছেন না। আদালতের নির্দেশে লিখিত ভাবে সরকার জানায় যে উপস্থিতি বাধ্যতামূলক নয় এবং কোন পদক্ষেপ নেওয়া হবে না যদি কেউ না যায় অনুষ্ঠানে।’

Comments :0

Login to leave a comment