ফুটপাতের একটি স্টল সাড়ে তিন লক্ষ টাকায় বিক্রির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং আরও চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করলো পুলিশ।
দক্ষিণ কলকাতার কসবা এলাকার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে আনন্দপুর থানায় এই এফআইআর দায়ের করা হয়েছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।
জানা গিয়েছে, অভিযোগকারী ২০২২ সালের নভেম্বরে ব্যবসা শুরু করার জন্য একটি দোকান খুঁজছিলেন। সেই সময় সুশান্ত ঘোষ এবং তার সহযোগীরা রুবি ক্রসিংয়ের কাছে আনন্দপুর রোডের ফুটপাতে একটি সাত ফুটের স্টল দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ।
অভিযুক্তরা অভিযোগকারীকে পুরসভার একটি ভুয়ো লাইসেন্স দেয় এবং ওই স্টলের জন্য তার কাছ থেকে ৩.৫ লক্ষ টাকা নেয় বলে দাবি করা হয়েছে। এফআইআরে বলা হয়েছে, ‘টাকা নেওয়ার পর অভিযুক্তরা নিজেদের অবস্থান বদল করে। প্রতিশ্রুতি দেওয়া স্টলটির পরিবর্তে তারা অভিযোগকারীকে একটি ছোট চার ফুটের কাঠামো নিতে বাধ্য করে।’
অভিযোগকারী আরও জানিয়েছেন যে, ওই ছোট কাঠামোটি আসলে রুবি মার্কেট কমিটি অ্যাম্বুলেন্স রুম হিসেবে ব্যবহার করত এবং এর কোন বৈধ সরকারি লাইসেন্স ছিল না।
কাউন্সিলর ও তার দলবলের ভয়েই এত বছর ধরে তিনি চুপ ছিলেন বলে জানিয়েছেন অভিযোগকারী। এই বিষয়ে আনন্দপুর থানার পুলিশ আধিকারিক বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং একটি এফআইআর দায়ের করেছি। প্রতারণা, অপরাধমূলক ভয় দেখানো এবং জালিয়াতির অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী এই মামলার সব দিক তদন্ত করে দেখা হবে।’
উল্লেখ্য, আনন্দপুর থানায় দায়ের করা অন্য একটি মামলায় এই মুহূর্তে পলাতক সুশান্ত ঘোষ। গত ২৯ মে, ইএম বাইপাস-রুবি ক্রসিং সংলগ্ন এলাকার হকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। সেখানে কাউন্সিলরের বিরুদ্ধে এলাকার ফুটপাতে স্টল বসানোর অনুমতির জন্য মাথা পিছু ৩ থেকে ৪ লক্ষ টাকা করে তোলা নেওয়ার অভিযোগ ওঠে।
হকারদের দাবি, এইভাবে ওই এলাকায় প্রায় ৩ কোটি টাকা তোলা আদায় করা হয়েছে। এই গোটা বিষয়ে তারা পুলিশের হস্তক্ষেপ দাবি করেছেন।
TMC
সাড়ে ৩ লক্ষ টাকার বিনিময়ে ফুটপাতে স্টল, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে এফআইআর
×
Comments :0