শুক্রবার ভোরের বৃষ্টিতে হাঁসফাঁস গরম থেকে রেহাই পেলো দক্ষিণবঙ্গ। ভোরের আলো ফুটতেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে শুরু তুমুল ঝড় ও মুষলধারে বৃষ্টি। এক ধাক্কায় কিছুটা হলেও স্বস্তি পেলেন দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সারাদিনই রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় হবে বৃষ্টি, সাথে ঝড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন চলবে বৃষ্টি।
আলিপুরের পূর্বাভাস অনুযায়ী কলকাতায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, দুই ২৪ পরগনা, হাওড়ায়, নদীয়া, দুই বর্ধমানে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে দেশে বর্ষা প্রবেশ করেছে। কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে ১ জুন কিন্তু চলতি বছর নির্ধারিত সময়ের চেয়ে তিন দিন দেরিতে বর্ষা প্রবেশ করেছে কেরালায়। মৌসম ভবন জানিয়েছে, জুনের শেষ বা জুলাইয়ের শুরুর দিকে দেশের উত্তরাংশে বর্ষা ঢুকতে পারে।
Comments :0