অনশনের ১৭ দিন পেরিয়ে গেলেও অবস্থান থেকে একচুলও সরতে রাজি নন সমাজকর্মী সোনম ওয়াংচুক। শারীরিক অবস্থার দ্রুত অবনতি, পেশিশক্তি ক্ষয় এবং তীব্র শারীরিক যন্ত্রণার মধ্যেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকার আলোচনায় না বসা পর্যন্ত তার অনশন চলবে। মঙ্গলবার এমনই দাবি করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এদিন আন্দোলনেরও ২৫ দিন পূর্ণ হয়েছে।
সংগঠনের প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, অনশন শুরুর পর থেকে ওয়াংচুকের ওজন ৮.৫ কিলোগ্রাম কমেছে। বর্তমানে তার রক্তচাপ ১০৯/৭০ মিলিমিটার পারদ।
সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান, ওয়াংচুকের পেশিশক্তি দ্রুত ক্ষয় হচ্ছে এবং তিনি প্রবল শারীরিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। তিনি বলেন, ‘আমিও অনুরোধ করেছিলাম অনশন ভাঙতে। কিন্তু তিনি শান্তভাবে বলেন, আমাকে অনশন ভাঙতে বলবেন না, বরং সরকারকে জিজ্ঞাসা করুন কেন তারা আলোচনায় বসতে চাইছে না।’
দিপকে আরও জানান, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ফোন করে ওয়াংচুকের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ২০ জুলাই সংসদ অভিযানের কর্মসূচির প্রতিও সমর্থন জানান।
সোমবার ওয়াংচুকের সাথে দেখা করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক, পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।
এছাড়া শিবসেনা প্রধান উদ্ধব থ্যাকারে ফোনে ওয়াংচুকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বলে জানিয়েছেন। তিনি জানান, থ্যাকারে ওয়াংচুককে অনশন প্রত্যাহারের আবেদন জানিয়ে তার সুস্থতার উপর গুরুত্ব আরোপ করেছেন এবং সংসদ অভিযান কর্মসূচির প্রতিও সমর্থন জানিয়েছেন।
এদিকে, অনশনরত এআইএসএ কর্মী দীপকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসার পর মঙ্গলবার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সংগঠনের দাবি, হাসপাতালে পর্যবেক্ষণের সময় তার হৃদস্পন্দনে ওঠানামা দেখা গেলেও ইসিজি রিপোর্ট স্বাভাবিক ছিল এবং পরে তার পালস রেটও স্থিতিশীল হয়।
অন্যদিকে, আন্দোলনস্থলের পৃথক মঞ্চে এআইএসএ-র আরও তিন কর্মী নেহা, মনীশ ও আমিন অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাচ্ছেন।
সিজেপি-র দাবি, পরীক্ষায় অনিয়মের জেরে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত করতে হবে। এই দাবিতে আগামী ২০ জুলাই, সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে, সংসদ' অভিযানের প্রস্তুতিও চলছে। সমর্থকদের 'মিসড কল' প্রচারের মাধ্যমে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২০ জুন সিজেপি-র আন্দোলন শুরু হয়। ২৮ জুন সেই আন্দোলনে যোগ দেন সোনম ওয়াংচুক এবং সেদিন থেকেই তিনি অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন।
Sonam Wangchuk
১৭ দিনেও অনশন ভাঙতে নারাজ সোনম ওয়াংচুক, ‘সরকার আলোচনায় বসুক’ বার্তা আন্দোলনকারীর
×
Comments :0