জমি দুর্নীতি মামলায় তৃণমূল অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পশ্চিম মেদিনীপুর জেলার আদালত। তদন্তে সহযোগিতা না করা এবং বারবার খোঁজ করেও তার সন্ধান না মেলায় আদালতের দ্বারস্থ হয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে একাধিক দল সুমিত রায়কে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছিল। কিন্তু তার কোনও হদিস না পাওয়ায় এবং তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।
এক পুলিশ আধিকারিকের কথায়, ‘গত কয়েকদিন ধরে অভিযুক্তের সন্ধানে একাধিক দল কাজ করছিল। তাকে খুঁজে পাওয়া যায়নি এবং তিনি তদন্তে সহযোগিতাও করছিলেন না। তাই আমরা আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানাই। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছে।’
এদিকে সোমবারই সুমিত রায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে তার আইনজীবী বিষয়টি উল্লেখ করেন। চলতি সপ্তাহের শেষের দিকে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুলিশ জানিয়েছে, শালবনি থানায় দায়ের হওয়া একটি জমি দুর্নীতি মামলার তদন্তে সুমিত রায়ের নাম উঠে আসে। এই মামলায় এর আগেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। তদন্তকারীদের দাবি, তাকে জিজ্ঞাসাবাদ করার সময়ই সুমিত রায়ের নাম সামনে আসে।
প্রাক্তন তৃণমূল বিধায়কের অভিযোগ বিধানসভা নির্বাচনে তাকে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেয় সুমিত। কিন্তু দল তাকে টিকিট দেয়নি, সেই টাকাও সুমিত আর ফেরত দেয়নি। সুমিতের সাথে সুজয় হাজরার টাকা লেনদেনের তথ্যও হাতে পেয়েছেন তদন্তকারিরা।
অভিযুক্তের খোঁজে গত শনিবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শালবনি থানার একটি দল কলকাতার কালীঘাটে অভিষেক ব্যানার্জির বাসভবনেও পৌঁছায়। তদন্তকারীদের দাবি, মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের ভিত্তিতে সুমিত রায়ের সর্বশেষ অবস্থান ওই এলাকায় শনাক্ত হয়েছিল। কয়েক ঘণ্টা অপেক্ষার পর বাড়িতে তল্লাশিও চালানো হয়।
Abhishek Banarjee PA
জমি দুর্নীতি মামলায় অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
×
Comments :0