আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শনিবার ডায়মন্ডহারবারে প্রশাসনিক বৈঠকের পর শুভেন্দু অধিকারী বলেন, এতদিন শাসকের আইন ছিল এবার আইনের শাসন চালু হয়েছে। পুলিশকে বলেছি আপনারা আইন মেনে কাজ করুন। অশান্তি কোনভাবেই বরদাস্ত করব না। ডায়মন্ডহারবার পুলিশ জেলা ও প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি। পুলিশ আধিকারিকদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী বলেন, ডায়মন্ডহারবার এলাকায় প্রচুর অন্যায় ও বেআইনি কাজ হয়েছে। এখানকার সাংসদ নিজে ফোন করে পুলিশকে দিয়ে দলদাসের কাজ করাতেন। তার সব প্রমাণ আমার কাছে আছে। রাজনৈতিক চাপে পড়ে সেই সব কাজ আপনাদের করতে বাধ্য করা হয়েছে। সেই দিন এবার শেষ। কারো তাঁবেদারি না করে নিরপেক্ষভাবে কাজ করুন। পুলিশ ওয়েল ফেয়ার বোর্ড এদিন তিনি ভেঙে দেন।
প্রশাসনিক বৈঠক শেষে এদিন ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনকে কেন্দ্র করে দলীয় জনসভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। ফলতায় দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ওই ডাকাতটা কোথায়। কোথায় পু্স্পা। দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় আপনি। ২০২১ জাতীয় মানবাধিকার কমিশন ১৯ জনকে নটোরিয়াস ক্রিমিন্যাল ঘোষণা করেছিল। যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপর ছেড়ে দিন দায়িত্ব নিয়ে গেলাম। বলে গেলাম ভাইপোর জাহাঙ্গীরের ব্যবস্থা আমি করব। জেলা শাসককে বলেছি আমফান আর এর আগের একটা বিডিও ছিল। ওর সঙ্গে যুক্তি করে আবাসের যে টাকা লুট করেছিল আমি সব পেয়ে গেছি। সবার হিসাব হবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ না করে তিনি বলেন, পৌরসভা থেকে তথ্য আনিয়েছি। কলকাতায় মাননীয় ভাইপোবাবুর ২৪টি সম্পত্তি রয়েছে। খাতা পেন নিয়ে পুলিশকে বসতে বলেছি। যত অভিযোগ হয়েছে পদক্ষেপ করুন। তিনি বলেন, পুলিশকে ব্যবহার করে কি করেছে গুন্ডারা আমরা জানি। ২০২৩ সালের ৩ ডিসেম্বর হটুগঞ্জে আমার সভায় আসা লোকগুলোকে কিভাবে মেরেছে ভুলে যাই নি। মানুষ শুধু চেয়ারে বসিয়ে দেয় নি। বিচার চেয়েছে। পুলিশকে বলেছি কাল থেকে খাতা, পেন নিয়ে বসুন। গত ৫ বছর ও তার আগে যত অত্যাচার হয়েছে অভিযোগ এলে নিতে হবে। এফআইআর করতে হবে। গ্রেপ্তার করতে হবে। কোন গুন্ডা বাড়িতে থাকবে না। মা, বোন, দিদি, শিশু কন্যার উপর শারীরিক নির্যাতন হলে তাদেরও ছাড়া হবে না। জনসভা শেষে মুখ্যমন্ত্রী বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডার সমর্থনে নির্বাচনী প্রচার করেন ফলতায়।
২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল ফলতাকে বিরোধীশূন্য করে তুলেছে। ভয় দেখিয়ে বিরোধী দলের কর্মীদের হাতে দলীয় ঝান্ডা ধরিয়েছে। যারা আত্মসমর্পণ করতে রাজি হননি তাঁদের ওপর অত্যাচার হয়েছে। খুনের হুমকি দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে। তৃণমূলের বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে ফলতা থানায় গিয়েও তাঁরা বিচার পাননি। তবে এবারে নির্বাচনের পর সাহস করে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছেন মানুষ।
Suvendu Adhikari
জাহাঙ্গীরের ব্যবস্থা আমি করব, ফলতায় বললেন মুখ্যমন্ত্রী
×
Comments :0