West Bengal Government

বাংলা দিবস ২০ জুন, তৈরি হবে শ্যামাপ্রসাদের মূর্তিও

রাজ্য

আনুষ্ঠানিক ভাবে নবান্ন থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌছে দেওয়ার কাজ শুরু করলো সরকার। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর আনুষ্ঠানিক ভাবে সেই কাজ শুরু করেছে রাজ্য সরকার। 
মন্ত্রিসভার বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী জানান, বুধবারই ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জনের অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢুকবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, এর পর থেকে যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করবেন, তাদের ফর্মের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। বুধবার পাঁচ জন মহিলার হাতে তিন হাজার টাকার চেক তুলে দেন শুভেন্দু-অগ্নিমিত্রা-দিলীপ।

মন্ত্রিসভার পক্ষ থেকে দিলীপ এবং অগ্নিমিত্রা জানান, আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি উপলক্ষে তার নতুন মূর্তি তৈরি হবে। সে জন্য স্থান চিহ্নিত করা হচ্ছে। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হবে। দিলীপ ঘোষ বলেন, ‘তথ্যসংস্কৃতি দফতর থেকে পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তাব পেশ করা হয়েছে। এর আগের সরকার পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করত। আমরা বেসরকারি ভাবে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতাম। শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৎকালীন আইনসভায় ওই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হয়েছিল এবং প্রস্তাব দেওয়া হয়েছিল। এ বার সরকারি ভাবে ওই দিনটিকে আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করব।’

মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিএসএফকে জমি দেওয়ার কথা জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। এদিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে ন’টি স্থানে বেড়া নির্মাণের জন্য বিএসএফকে ৩১.৯০৫ একর জমি হস্তান্তর হয়েছে। রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসাবে সুরজিৎনাথ মিত্র নামও ঘোষণা করা হয়েছে।

অগ্নিমিত্রা পাল বলেন, ‘ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু এবং ত্রাণ পুনর্বাসন দফতর থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর দক্ষিণ দিনাজপুরের ১১টি জায়গায় বেড়া নির্মাণের পর ১২.৭২১ একর জমি চিরস্থায়ী ভাবে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নাগরাকাটায় ২০ একর জমি বনবিভাগের কাছে হস্তান্তর করা হচ্ছে। তারা রেলের প্রকল্পের জন্য ওই জমি রেলকে দিয়ে দেবে।’ সেবক-রংপুর ব্রডগেজ রেল লাইনের জন্য রেলওয়েকে নাগরাকাটার ২০ একর খাস জমি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগের সরকারের ‘মা ক্যান্টিন’ এর নাম বদলে করা হয়েছে ‘মা আহার’। সপ্তাহে দুদিন পাঁচ টাকায় মাছ ভাত দেওয়া হবে, দুদিন ডিম ভাত এবং বাকি দিন সবজি ভাত দেওয়া হবে।

Comments :0

Login to leave a comment