Assam Himanta Passport

স্ত্রীয়ের তিন পাসপোর্ট, পুলিশ দিয়ে মুখ বন্ধ করাচ্ছেন হিমন্ত, অভিযোগ কংগ্রেসের

জাতীয়

বিরোধী প্রশ্নের উত্তর দিতে পারছেন না আসামের মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা পুলিশ পাঠিয়ে মুখ বন্ধ করাতে চাইছেন। হিমন্তের স্ত্রীয়ের বেআইনি পাসপোর্টের অভিযোগ ফের তুলে একথা বললেন কংগ্রেসের মুখপাত্র পবন খেরা। 
আসামে ভোট ৯ এপ্রিল। ১২৬ আসনের বিধানসভায় বিজেপি’র প্রধান পরতিদ্বন্দ্বী কংগ্রেস জোট। গত ৫ এপ্রিল হিমন্তের স্ত্রী’র তিনটি পাসপোর্ট থাকার অভিযোগ সামনে আসে। দেশের নিয়ম অনুযায়ী কারও একাধিক নাগরিকত্ব থাকতে পারে না। ফলে কোনও ভারতীয়ের তিনটি পাসপোর্ট থাকলে তা বেআইনি। এদিকে হিমন্তের স্ত্রী পুলিশে অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস নেতার বিরুদ্ধে। 


কংগ্রেসের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে খেরার একটি ভিডিও পোস্ট করা হয়েছে বুধবার। যেখানে খেরা জানাচ্ছেন যে তিনি গোপন ডেরা থেকে প্রশ্ন তুলছেন। হিমন্ত বিশ্ব শর্মার পুলিশ যাতে তাঁর মুখ বন্ধ না করতে পারে তার জন্য জায়গা বলা হচ্ছে না। 
এদিন খেরা নতুন অভিযোগ তুলেছেন হিমন্তের স্ত্রীয়ের বিরুদ্ধে। তিনি বলেছেন রিঙ্কি ভুইঞাঁ শর্মার নামে লন্ডন, দুবাই এবং ঢাকার ঠিকানায় একটি সংস্থা খোলা হয়েছে। লন্ডনের সরকারি সংস্থা নিবন্ধকরণ ওয়েবসাইটে তার উল্লেখ রয়েছে। হিমন্তকে খেরার প্রশ্ন, ভুল কেওয়াইসি দিয়ে কী খোলা হয়েছে এই সংস্থা? 
এর আগে খেরা অভিযোগ তোলেন যে মিশর, অ্যান্টিগুয়া এবং বারবুদার পাসপোর্ট রয়েছে হিমন্তের স্ত্রী রিঙ্কির। হিমন্ত এই অভিযোগকে ভিত্তিহীন বললেও নির্দিষ্ট তথ্য দেননি। উলটে পুলিশ পাঠিয়েছেন। 
গত মঙ্গলবার আসাম পুলিশের চার সদস্যের একটি তদন্ত দল দিল্লির নিজামুদ্দিনে পবন খেরার বাসভবনে পৌঁছায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ন্ত্রিত দিল্লি পুলিশ আসামের তদন্তকারীদের সহায়তায় নেমে পড়ে।

Comments :0

Login to leave a comment