Baby Detained

দিল্লিতে বিক্ষোভে আটক বেবি, বৃন্দা কারাত

জাতীয়

দিল্লিতে বিক্ষোভ থেকে সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবিকে আটক করল দিল্লি পুলিশ। আটক করা হয়েছে প্রবীণ সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত এবং পলিট ব্যুরো সদস্য অশোক ধাওলে, মারিয়াম ধাওলেকে, বিজু কৃষ্ণানও।
কেরালায় তিরুবনন্তপুরম সহ দশ জায়গায় বুধবার তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা ইডি। কেরালা বিধানসভার বিরোধী দলনেতা পিনারাই বিজয়নের কন্যা পরিচালিত একটি সংস্থা ‘এক্সালজিক’ সংক্রান্ত মাললার তদন্তে তল্লাশি চালানো হয়। তল্লাশি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য পিনারাই বিজয়নের বাসভবনেও। কেরালার বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। 
এদিকে দিল্লিতেও বিক্ষোভে নামে সিপিআই(এম)। নির্মমভাবে প্রতিবাদ দমনে নামে দিল্লি পুলিশ।
সিপিআই(এম) এর আগে বিজয়নের বাসভবনে ইডি তল্লাশির তীব্র নিন্দা করেছে। কেরালা বিধানসভার বিরোধী দলনেতা বিজয়ন। সিপিআই(এম) বলেছে, বিরোধী নেতাদের লক্ষ্য করে আক্রমণের আরেক নমুনা রাখল কেন্দ্রের বিজেপি সরকার। রাজ্যের কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকারের যোগাযোগের সম্ভাবনা নিয়েও তুলেছে প্রশ্ন। 
এদিন দিল্লিতে বিক্ষোভ থেকে আটক করা হয়েছে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য বিক্রম সিং, দিল্লি রাজ্য সম্পাদক অনুরাগ সাক্সেনাকেও গ্রেপ্তার করে পুলিশ। সিপিআই(এম)’র প্রায় একশো কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 
এদিন দিল্লিতে বিক্ষোভ সমাবেশে গ্রেপ্তার হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বেবি।
তিনি বলেছেন, ‘‘কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে ইডি’র এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্যে চালানো হয়েছে। রাজনৈতিক প্রতিশোধের লক্ষ্য নিয়ে এমন পদক্ষেপ। ‘এক্সালজিক’ মামলায় বিজয়নের কোনও সম্পর্কই নেই। আদালত বিভিন্ন সময় জানিয়েছে যে এই মামলায় পিনারাই বিজয়নের কোনও ভূমিকা নেই। তবু রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে এই চক্রান্ত চলছে।‘‘
বেবি বলেছেন, ‘‘কেরালার সরকারে সদ্য আসীন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা ভিবি সতীশন সম্প্রতি দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তারপরই এই তল্লাশিতে রাজনৈতিক স্তর থেকে বানানো নাটক হওয়ার আশঙ্কা যথেষ্ট। 
বেবি বলেন, কোনও তদন্তে বাধা দেওয়ার বিন্দুমাত্র উদ্দেশ্য সিপিআই(এম)’র নেই। কিন্তু কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার ব্যবহার করলে তা মেনে নেওয়া যায় না। দেশজুড়ে জনতাকে প্রতিবাদে নামাবে সিপিআই(এম)। বিরোধী রাজনৈতিক নেতাদের বেছে বেছে হেনস্তা করা এবং গণতান্ত্রিক অধিকারের ওপর আক্রমণের প্রতিবাদ হবে।    
 

Comments :0

Login to leave a comment