নেপালের নির্বাচনে সরকার গড়তে চলেছে বলেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্রর পার্টি (আরএসপি)। বিকেল সাড়ে চারটা নাগাদ গণনায় ১৮৫ আসনের মধ্যে ৯৪টিতে এগিয়ে কাঠমাণ্ডুর প্রাক্তন মেয়রের দল।
২০২৫’র সেপ্টেম্বরে নেপালে বিক্ষোভের জেরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। কমবয়সী অংশের বিক্ষোভ বা ‘জেন-জি’ প্রতিবাদের জেরে তীব্র অস্থিরতা দেখা দিয়েছিল নেপালে। রাষ্ট্রপতি রামচন্দ্র গৌড়েল জনপ্রতিনিধি সভা ভেঙে দেন। অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকিকে।
শুক্রবার ফল গণনার শুরু থেকেই এগিয়ে থেকেছে আরএসপি। একসময়ে জনপ্রিয় ‘র্যাপার‘ বলেন্দ্র প্রার্থী হন কমিউনিস্ট পার্টি অব নেপাল-এমালে’র প্রধান কে পি শর্মা ওলির বিরুদ্ধে ঝাপা-৫ আসনে। বলেন্দ্রই এগিয়ে রয়েছেন।
কমবয়সী অংশের বিক্ষোভের কারণ হিসেবে অর্থনীতি, বেকারি, পরিযায়ী হতে বাধ্য হওয়ার মতো পরিস্থিতি চিহ্নিত। সেই সঙ্গে দুর্নীতি এবং স্বজনপোষণ ঘিরেও ক্ষোভ ছিল। তবে সেই সঙ্গে বিদেশি মদত এবং রাজতন্ত্রের প্রতিনিধিদের উসকানির অভিযোগও উঠেছে।
বলেন্দ্র শাহের পক্ষে এই নির্বাচনে সমর্থন ছিল গত সেপ্টেম্বরে অংশ নেওয়া বিক্ষোভকারীদের একটি বড় অংশের।
এই নির্বাচনে মোট ৬৮টি দল এবং ৩৪০০ প্রার্থী অংশ নিচ্ছেন। নথিভুক্ত ভোটদাতার সংখ্যা ১ কোটি ৮৯ লক্ষ।
Nepal Election
নেপালে বিপুল জয়ের দিকে বলেন্দ্র শাহের দল
×
Comments :0