editorial

ঘৃণা-বিদ্বেষই একমাত্র পুঁজি

সম্পাদকীয় বিভাগ

ভারতকে যারা হিন্দুরাষ্ট্র বলে তাদের পাগল হিসাবে চিহ্নিত করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। কিন্তু চাতুর্যের সঙ্গে চেপে গেছেন ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা তাদের চূড়ান্ত লক্ষ্যের কথা। মন্তব্যটা তিনি এমন বিচ্ছিন্নভাবে ছুঁড়ে দিয়েছেন তাতে মনে হতে পারে হিন্দু রাষ্ট্রের ভাবনা নিয়ে তারা মোটেই ভাবিত নন। এটাই আরএসএস’র প্রচার কৌশল। তলে তলে আসল প্রচার ও কার্যকলাপ চালিয়ে যাবে কিন্তু প্রচারের আলো থেকে আড়াল করবে।
আরএসএস-বিজেপি শাসিত কেন্দ্র ও রাজ্য সরকারগুলি অনেকটা এই প্রচার কৌশলই ব্যবহার করে থাকে। এমন অনেক ক্ষেত্র আছে যেখানে সরকারের কার্যত কোনও সাফল্যই নেই সেইসব ক্ষেত্রকে প্রচারের সর্বোচ্চ আলোয় তুলে আনে। যেখানে সাফল্য যৎকিঞ্চিত সেখানে তাকে ফুলিয়ে ফাঁপিয়ে বিরাট করে দেখায়। কিন্তু এমন কিছু ক্ষেত্র আছে যেখানে তাদের নিজস্ব বিচারে অভাবনীয় ‘সাফল্য’ অর্জিত হয়েছে অথচ তার ছিটেফোঁটা প্রচারও তারা করে না। বরং সচেতনভাবে প্রচারের আলো থেকে দূরে সরিয়ে রাখে।
‘সাফল্যের’ এই ক্ষেত্রগুলির অন্যতম হিন্দুত্ববাদ তথা রাজনৈতিক হিন্দুত্বের প্রচার। এরমধ্যে রয়েছে ধর্মীয় ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো এবং সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে ও উসকানি দিয়ে সংঘাতের পরিবেশ তৈরি করে। সঙ্ঘ পরিবারের বৃহত্তর ছাতার তলা থেকে নানা হিন্দুত্ববাদী সংগঠন, আরএসএস’র কর্মকর্তা, বিজেপি’র নেতা-মন্ত্রী-জনপ্রতিনিধিরা অনর্গল এমন বিদ্বেষ-বিষ ছড়িয়ে, হিংসার উসকানি দিয়ে, সংঘাত সংঘর্ষ বাধিয়ে সমাজে ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভাজন এবং মেরুকরণে সদা তৎপর। একাজে বিন্দুমাত্র পিছিয়ে নেই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, ডাবল ইঞ্জিনের রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
আরএসএস-বিজেপি’র আশ্রয়ে-প্রশ্রয়ে এবং মদতে, ডাবল ইঞ্জিনের সরকারের সহযোগিতায় এহেন ঘৃণ্য অপরাধ প্রতিনিয়ত সংঘটিত হলেও প্রায় সব ক্ষেত্রেই পুলিশ ও প্রশাসনিক কর্তারা নীরব ও নিষ্ক্রিয় থাকে। আইনি পদক্ষেপ তো দূরের কথা, পারলে অপরাধীদের পক্ষ নেয়।
অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)’র তৈরি দু’টি রিপোর্টে চলতি বছরের প্রথম ৯ মাসের এমন কুৎসিত ও কদর্য ঘটনাগুলির তথ্য সন্নিবিষ্ট করা হয়েছে। তাতে স্পষ্ট মূলত মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধেই তথাকথিত সনাতনী ও ধর্মান্ধ হিন্দুদের এমন ঘৃণা ও বিদ্বেষ বর্ষণের ঘটনা ঘটেছে। সরকারিভাবে নথিভুক্ত এমন ৩২২টি ঘটনা এতটাই অমানবিক হিংস্রতায় পর্যবসিত হয়েছে যে তাতে ৫৪ জনের মৃত্যু হয়েছে। আহত আক্রান্তের সংখ্যা কয়েক হাজার। সবচেয়ে উদ্বেগের ও দুঃশ্চিন্তার বিষয় হলো ১১৯ ঘটনা‌য় সরাসরি রাষ্ট্রই হিংসায় যুক্ত ছিল। ২১ জনের মৃত্যুর দায় সরাসরি রাষ্ট্রের। আরও উদ্বেগের বিষয় যে অনেক ক্ষেত্রে এফআইআর হচ্ছে না। পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে ঘটনা ঘটলেও তারা নিষ্ক্রিয় থাকছে। উলটে অনেক ক্ষেত্রে আক্রান্তদেরই গ্রেপ্তার করছে।
অন্যদিকে ঘৃণা ভাষণে, উসকানিতে অগ্রণী ভূমিকা রয়েছে প্রধানমন্ত্রীর। গত ৯ মাসে ১৬ রাজ্যে ৫৭ জন নেতা-মন্ত্রী ৮৩টি ঘৃণা ভাষণ দিয়েছেন। তার মধ্যে মাত্র ৬টি ক্ষেত্রে এফআইআর হ‍‌য়েছে। লক্ষণীয় নির্বাচনের সময় এবং ধর্মীয় উৎসবের সময় ঘৃণা ভাষণ ও বিদ্বেষমূলক অপরাধের ঘটনা বাড়ে। এটাই হিন্দুত্ববাদীদের কৌশল।

Comments :0

Login to leave a comment