কেন্দ্রেরই ডেপুটি শ্রম কমিশনারে নির্দেশ অমান্য করে বেসরকারি হাতে বন্দরের হাসপাতাল তুলে দিল কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ। এই শতবার্ষিকী হাসপাতালের কর্মীদের কাজে ঢুকতে বাধা দেওয়া হলে রবিবার তীব্র বিক্ষোভ দেখায় কলকাতা ক্যালকাটা পোর্ট অ্যান্ড শোর মজদুর ইউনিয়ন।
তারাতলায় কলকাতা বন্দরের এই শতবার্ষিকী হাসপাতালের কর্মীরা কেবল নন, স্থায়ী ও চুক্তি শ্রমিক এবং অবসরপ্রাপ্ত কর্মী মিলিয়ে বন্দরের যে ৩৫ হাজার শ্রমিক-কর্মচারী পরিষেবা পান, তাঁদেরও চিকিৎসার সুযোগ অনিশ্চিত হয়ে পড়ল।
বন্দর কর্মীরা জানাচ্ছেন, ২০ নভেম্বর কেন্দ্রীয় শ্রম কমিশনারের দপ্তরে আলোচনার দিনও ঠিক ছিল। কিন্তু তার আগেই ১৪ নভেম্বর, শনিবার, রাতে হাসপাতাল বেসরকারি চার্নক হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়েছে।
ক্যালকাটা পোর্ট অ্যান্ড শোর মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সমর মণ্ডল, রবিবার, ১৫ নভেম্বর, জানিয়েছেন যে এদিন সকালে কর্মরত নার্স সহ অন্যান্য শ্রমিকরা প্রতিদিনের মতো কাজে যোগ দিতে এলে বন্দরের নিজস্ব নিরাপত্তারক্ষী, পুলিশ, সিআইএসএফ ও চার্নকের নিরপত্তা বাহিনী এক যোগে কাজে যোগ দিতে বাধা দেয়। কাজে যোগ দিতে না পেরে হাসপাতালের গেটের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। তাঁরা দীর্ঘ ১৫ বছরের অধিক হাসপাতালে কর্মরত। হাসপাতালের প্রায় ২০০ জন চুক্তিবদ্ধ ও ঠিকাদার নিযুক্ত শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন।
এই হাসপাতালের বেসরকারিকরণের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে আন্দোলনে রয়েছেন কলকাতা বন্দরের শ্রমিক-কর্মচারীরা। এর আগে, বন্দরের অছি পরিষদের সভায় তীব্র প্রতিবাদ করেন শ্রমিক প্রতিনিধিরা। দীর্ঘ চার বছর ধরে চলছিল ধারাবাহিক আন্দোলন। শ্রমিক ও পেনশন প্রাপকদের পক্ষ থেকে হাসপাতাল বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। বন্দর কর্তৃপক্ষ হাসপাতাল বিক্রির সিদ্ধান্তে অনড় থাকে। গত ১৫ অক্টোবর বন্দরের সব ইউনিয়ন যৌথ সভায় থেকে সিদ্ধান্ত নেয় যে ১৩ নভেম্বর এক দিনের ধর্মঘটের নোটিশ দেওয়া হবে। পেনশনার্স অ্যাসোসিয়েশনও পূর্ণ সমর্থন জানায়। তবে পরবর্তীতে অন্যান্য ইউনিয়ন ধর্মঘটের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে। কিন্তু এককভাবে কলকাতা পোর্ট অ্যান্ড শোর মজদুর ইউনিয়ন ১৩ নভেম্বর একদিনের ধর্মঘটের নোটিশ দেয় বন্দর কর্তৃপক্ষকে।
ধর্মঘটের নোটিশের প্রেক্ষিতে কলকাতায় কেন্দ্রের ডেপুটি চিফ লেবার কমিশনার বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেন যাতে হাসপাতালে সমস্ত উপভোক্তার সঙ্গে আলোচনা করে মউ চুক্তি করা হয়। এই হাসপাতালে ৩৫ হাজার চিকিৎসা প্রাপকের স্বার্থ যাতে বজায় থাকে। তাঁর আরও নির্দেশ ছিল যে হাসপাতালে কর্মরত কোনও শ্রমিক বা কর্মচারীকে চাকরি থেকে বহিষ্কার করা যাবে না। বলা হয়েছিল যে এই নির্দেশ না মানলে বন্দর কর্তৃপক্ষ বন্দর কর্তৃপক্ষ শ্রম আইন ভাঙার দায়ে চিহ্নিত হবে।
আগামী ২০ নভেম্বর ফের শ্রম দপ্তরে আলোচনার দিন ঠিক হয়ে রয়েছে।
সমর মণ্ডল বলেছেন, বন্দর কর্তৃপক্ষ কেন্দ্রীয় শ্রম আধিকারিকের নির্দেশ অমান্য করে ১৪ নভেম্বর রাতের অন্ধকারে কার্যত চুপিচুপি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হল কলকাতা বন্দরের ঐতিহ্যবাহী শতবার্ষিকী বিল্ডিংয়ের একটি দেওয়ালে নোটিশ আটকে জানিয়ে দেওয়া হয়েছে যে ১৪ নভেম্বর থেকে মালিকানা চলে যাচ্ছে বেসরকারি চার্নক হাসপাতালের কাছে। তিনি বলেন, কোভিড মহামারির সময় সমস্ত বাধা সত্ত্বেও হাসপাতাল সচল রেখেছিলেন। এই শ্রমিকরা তাই বন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না।
ক্যালকাটা পোর্ট অ্যান্ড শোর মজদুর ইউনিয়ন বলেছে, মোদী সরকারের আমলে রেল, বিমানবন্দর, এলআইসির বেসরকারিকরণ নিয়ে বারবার সরব হয়েছেন বিরোধীরা। এবার সরাসরি শ্রমজীবী মানুষের স্বাস্থ্য পরিষেবাতেও কোপ পড়ল। সাতের দশকে বন্দর কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মী এবং তাঁদের পরিবারের নির্ভরশীল সদস্যদের নিখরচায় বা স্বল্প মূল্যে উন্নত চিকিৎসার স্বার্থেই গড়ে তোলা হয়েছিল এই পোর্ট হাসপাতাল। ১০৪টি শয্যার এই হাসপাতালে রয়েছে আইএসও সার্টিফিকেশন, অত্যাধুনিক আইসিসিইউ, অপারেশন থিয়েটার-সহ সমস্ত ধরনের উন্নত চিকিৎসা পরিকাঠামো। এমন নয় যে হাসপাতালের দশা বেহাল হয়ে পড়েছিল, তাই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে সম্পূর্ণভাবে সচল এবং উন্নত সরকারি পরিকাঠামোকে কোন স্বার্থে বেসরকারি হাতে দেওয়া হলো।
Kolkata Port Hospital Privatised
কলকাতা বন্দরের হাসপাতাল বেসরকারি হাতে, কাজে বাধা কর্মীদের, তীব্র বিক্ষোভ
কলকাতা বন্দরের শতবার্ষিকী হাসপাতালের সামনে বিক্ষোভ বন্দর কর্মীদের।
×
Comments :0