West Bengal SSR Schedule

রাজ্যে এসএসআর’র পর খসড়া ২৩ নভেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা ১৬ জানুয়ারি

রাজ্য

এসএসআর বা স্পেশাল সামারি রিভিশনের পর রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৬ জানুয়ারি। তার আগে, খসড়া তালিকা প্রকাশিত হবে ২৩ নভেম্বর। 
এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের পর দেশের বিভিন্ন রাজ্যে এসএসআর-এ হাত দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। দেশজুড়ে এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ ঘিরে তীব্র বিক্ষোভ চলে গত দু’মাস। গত ২৮ অক্টোবর রাজ্যে এসএসআর’র সূচি ঘোষণা করে নির্বাচন কমিশন।
বুধবার, ১৩ নভেম্বর, রাজ্যে কমিশনের সিইও দপ্তর এক পোস্টে জানিয়েছে যে ২৩ নভেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। দাবি এবং আপত্তি নেওয়ার পর্ব চলবে ২৩ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত। ৮ জানুয়ারি দাবি এবং আপত্তি জানিয়ে জমা আবেদনের নিষ্পত্তি হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ জানুয়ারি।
এদিকে রাজস্থানে এসএসআর’র পর দেখা গিয়েছে তিনটি ভোটার তালিকায় ভোটারের তিনটি আলাদা সংখ্যা। এসআইআর’র পর রাজস্থানের রাজ্য নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশ করে। সম্প্রতি আবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এসএসআর-র খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। পদ্ধতি অস্পষ্ট থাকলে তালিকা গরমিল ফের থাকার আশঙ্কা রয়েছে বিভিন্ন অংশের।
এদিকে এসআইআর প্রক্রিয়ায় ‘ম্যাপিং’-এ নাম তাকা সত্ত্বেও লজিক্যাল ডিসক্রেপান্সিতে বাদ নাম এখনই ফেরানোর দাবি জোরালো হয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট গত মাসে শুনানিতে জানিয়ে দেয় যে পশ্চিমবঙ্গের ‘লজিক্যাল ডিসক্রেপান্সি’ বা যুক্তিসঙ্গত অসঙ্গতিকে শীর্ষ আদালত অনুমোদন দিয়ে দেয়নি। 
নতুন নাম না তোলা এবং নাম বাদের জন্য আগে থেকে ছাপানো ফর্মে কমিশনের নিজস্ব আবেদন ঘিরেও তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধীরা। দিল্লিতে য়িজেপি’র একেকজন কর্মীর নামে একগুচ্ছ ফর্ম-৭ জমা হয়েছে। তার ভিত্তিতে নাম বাদ গিয়েছে। উত্তর প্রদেশে ‘সেলফ জেনারেটেড’ ফর্ম-৭’র মাধ্যমে নাম বাদ গিয়েছে ভোটদাতাদের। কমিশনের এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ভোটাররা নিজেদের বক্তব্য জানাতে পারেননি বলে সরব হয়েছে বিরোধীরা। 
এই পরিস্থিতিতে শুক্রবারই সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সব প্রকৃত ভোটারের নাম তালিকায় ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। এই দাবিতে ফের আন্দোলনে নামছে বামপন্থী দলগুলি। 
বিপুল টাকা এবং লোকবল খরচকরে এসআইআর’র পর কেন দ্রুত এসএসআর করতে হচ্ছে তা নিয়েও রয়েছে প্রশ্ন।

Comments :0

Login to leave a comment