Salim on Left Unity in Bengal

বাম ঐক্য জোরালো করেই রাজ্যে বিজেপি’র বিরুদ্ধে লড়াই, বললেন সেলিম

রাজ্য কলকাতা

বামপন্থী দল গুলি বারবারই একযোগে নেমেছে রাস্তায়।

পার্টি কংগ্রেসের নির্দেশিকা অনুযায়ী অবস্থান নেওয়া হবে পৌর ভোটেও। এ রাজ্যে বিজেপি-র উগ্র দক্ষিণপন্থী রাজনীতিকে রুখতে বাম ঐক্যকে জোরালো করেই হবে লড়াই।
শুক্রবার, ১৩ নভেম্বর, সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নে এই অবস্থান ফের জানান সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 
সেই সঙ্গে আরেক প্রশ্নে সেলিম বলেন যে বামপন্থীরা নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলেনি। কিন্তু আইন মেনে পুনর্বিন্যাস হচ্ছে। তিনি পালটা বলেন, নির্বাচন ঘোষণা কখন হলো যে পিছিয়ে যাবে! 
নির্বাচনে বোঝাপড়া প্রসঙ্গে  সেলিম বলেন, আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত পার্টি কংগ্রেসে নেওয়া হয়। বলা হয়েছে ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে সবাইকে নিয়ে লড়াই করতে হবে। উগ্র দক্ষিণপন্থার বিপদের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ট্রাম্প মোদী মমতা বেলসেনারো সব এক ধরনের। ২০০৮-র সংকটের মোকাবিলা আজও বিশ্ব পুঁজিবাদ করতে পারেনি। 
আজকে গোটা বিশ্বে লুটেরা পুঁজিবাদের পক্ষ নিয়ে উগ্র দক্ষিণপন্থীরা পরাস্ত হচ্ছে। এখানে মমতা গিয়েছে, এরপর মোদী যোগীও যাবে। সেই লড়াইয়ে আমরা আছি। 
সেলিম বলেন, এই রাজ্যে বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলার কাজ চলছে। আন্দোলন মুখী বাহিনী গড়ে তোলা হচ্ছে। বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন বলেছিলাম জাতপাত ভিত্তিক, সাম্প্রদায়িক, দুর্নীতিগ্রস্ত, দুষ্কৃতী (কাস্টিস্ট, কমিউনাল, কোরাপ্ট, ক্রিমিনাল- চার ‘সি’) বাদ দিয়ে সবাইকে স্বাগত। এই রাজ্যে বিজেপিকে মোকাবিলা করার সময় থেকে এই কথা বলেছিলাম। সেই সঙ্গে ‘চর’ এবং ‘চোর’- দের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। 
সেলিম বলেন, তৃণমূলের সঙ্গে এই চার ‘সি’-র যোগ রয়েছে। 
এদিন হাওড়ার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে হাইকোর্টে মামলা দায়ের প্রসঙ্গে প্রশ্ন করা হয় সেলিমকে। তিনি বলেন, এখানেও মামলা হয়েছে পুনর্বিন্যাস নিয়ে। হাওড়া মিউসিপ্যাল আইন না মেনে পুনর্বিন্যাস সংক্রান্ত ঘোষণা হয়েছে।  
সেলিম মনে করিয়ে দেন যে পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে এই আইন পাশ হয়েছিল। তিনি বলেন, আইনে যদি আপত্তি থাকে এখন আসীন সরকার বিধানসভায় সেটি বদলে দিন। কিন্তু আইন যা রয়েছে তাকে মানতে তো হবে। এর আগে তৃণমূলের সময়েও মানা হয়নি। মমতা মানেননি, বিজেপি-ও মানে না। এই পঞ্চায়েত পৌরসভা বামফ্রন্ট সরকারের সময়ে আইন করে তৈরি হয়েছিল। ৩৪ বছরে পাঁচটা মিউনিসিপ্যাল কর্পোরেশন হয়েছে। তার পাঁচটা আলাদা আইন আছে। সেটা এই সরকার মানছে না। সেলিম বলেন, আমরা চাই পৌর ভোট হোক। কিন্তু  শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন থেকে হাওড়াতে ভোট হচ্ছে না।  
উল্লেখ্য, এর আগে কলকাতায় ডিলিমিটেশন নিয়েও মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। ডিলিমিটেশন যেভাবে করা হয়েছে তার যুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। 
সাংবাদিক সম্মেলনে ভোট পিছিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করা হয় সেলিমকে। তিনি বলেন, আমরা ভোট পিছিয়ে দিতে বলিনি। ভোট ঘোষণা কোথায় হয়েছে যে পিছিয়ে যাবে! তিনি বলেন, ভোটার দেখে, ধর্ম দেখে এলাকা ভাগ করা হচ্ছে। ডিলিমিটেশনের নামে এই প্রক্রিয়ার আমরা বিরোধী।

Comments :0

Login to leave a comment