দূষণ সংক্রান্ত অসুস্থতায় দেশে স্বাস্থ্য বিমার আবেদন বা ‘ক্লেইম’ বেড়েছে ৪ গুনেরও বেশি। গত তিনটি আর্থিক বছরের তথ্য দিয়ে এই প্রবণতা জানিয়েছে বিমা সংক্রান্ত পরামর্শদাতা সংস্থা ‘পলিসিবাজার’।
‘পলিসিবাজার’ নিজে বিমা করে না। তবে এই অনলাইন সংস্থার মাধ্যমে বিভিন্ন বিমার পলিসি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় উপভোক্তাদের।
পলিসিবাজারের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতে গত তিন বছরে দূষণ-সম্পর্কিত স্বাস্থ্যবিমার ‘ক্লেইম’ সংখ্যা ৪.৩ গুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষত বিভিন্ন পেশায় যুক্ত শ্রমজীবীদের মধ্যেই এই ধরণের দাবিদারের সংখ্যা বেশি দেখা গিয়েছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৩-২৬ অর্থবর্ষের মধ্যে দূষণ-সম্পর্কিত স্বাস্থ্য বিমার দাবি ৪.৩৪ গুণ বৃদ্ধি পেয়েছে, যা ২০২৪ অর্থবর্ষে ছিল ৬৭ শতাংশ, ২০২৫ অর্থবর্ষে ছিল ৭০ শতাংশ এবং ২০২৬ অর্থবর্ষে ৫৩ শতাংশ বার্ষিক বৃদ্ধি নথিভুক্ত করেছে।
পলিসিবাজার স্বাস্থ্যবিমা বিভাগের বিজনেস হেড রোহান গোয়েল সংবাদমাধ্যমে বলেন, "ভারতের ক্রমবর্ধমান দূষণের মাত্রা স্বাস্থ্য পরিষেবার উপর ক্রমশই বাড়তি প্রভাব ফেলছে। আমাদের স্বাস্থ্য বিমার তথ্য অনুযায়ী, দূষণ-সম্পর্কিত দাবির সংখ্যা ৪.৩ গুণ বৃদ্ধি পেয়েছে।"
প্রাপ্ত তথ্য থেকে দেখা গেছে যে, দূষণ-সম্পর্কিত স্বাস্থ্য বিমার দাবিগুলো শুধু শ্বাসতন্ত্রের অসুস্থতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং হৃদরোগজনিত অসুস্থতার অংশই সর্বাধিক, যা মোট দাবির ৪৩.৫ শতাংশ।
শ্বাসতন্ত্রের অন্যান্য সংক্রমণের জন্য বিমাবাবদ অর্থের দাবি ছিল ৩৫ শতাংশ, এরপর নিউমোনিয়ার জন্য ১১.২ শতাংশ এবং ব্রঙ্কাইটিসের জন্য ৬ শতাংশ বিমার দাবি রয়েছে।
৩১ থেকে ৫৫ বছর বয়সী শ্রমজীবীদের মধ্যে বিমার দাবি ৫৯ শতাংশ , অন্যদিকে ৫৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের ৩১ শতাংশ, ২১-৩০ বছর বয়সী তরুণ অংশের দাবি বা ক্লেইমের সংখ্যা মোটের ৬.৭ শতাংশ, ২০ বছরের কম বয়সীদের দাবি দূষণে অসুস্থতাজনিত চিকিৎসা খরচের মোট দাবির ৩ শতাংশ।
তথ্য থেকে আরও দেখা গেছে যে, শহরগুলোর মধ্যে দূষণ-সম্পর্কিত স্বাস্থ্য বিমা দাবির সর্বোচ্চ সংখ্যা দিল্লিতে। এরপরেই রয়েছে পুনে, বেঙ্গালুরু, মুম্বাই এবং হায়দরাবাদ।
তবে, এর প্রভাব শুধু প্রধান মহানগরগুলিতেই সীমাবদ্ধ নয়, টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলি থেকে সম্মিলিতভাবে ৫৫ শতাংশ দাবি করা হয়েছে।
পলিসিবাজার-র অনুসন্ধানে একটি ঋতুভিত্তিক প্রবণতাও উঠে এসেছে।
২০২৬ অর্থবর্ষে দূষণ-সম্পর্কিত স্বাস্থ্য বিমার দাবি মোটের প্রায় ৫৬ শতাংশ অক্টোবর থেকে মার্চের মধ্যে নথিভুক্ত করা হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন অংশে বায়ু দূষণের মাত্রা সাধারণত বেড়ে যায়।
তথ্য থেকে আরও দেখা গেছে যে, অধিক দূষিত শহরগুলোর ৪৮ শতাংশ গ্রাহক বেশি টাকার স্বাস্থ্য বিমা কভারেজ বেছে নিয়েছেন।
Health Insurance Pollution
দূষণজনিত স্বাস্থ্যবিমার দাবি ৩ বছরে বেড়েছে ৪.৩ গুণ, দেখাচ্ছে ‘পলিসিবাজার’-র তথ্য
×
Comments :0