মীর আফরোজ জামান: ঢাকা
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায়, সীমান্ত বরাবর ‘পুশব্যাকের’ ঘটনা বাড়লে বাংলাদেশ ব্যবস্থা নেবে। মঙ্গলবার এক বিবৃতিতে এমনই জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী ড. খলিলুর রহমান। এদিন বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
খলিলুর রহমান বলেন, তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে হবে কি না সে সিদ্ধান্ত নেবে ভারত। জুন মাসে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে আলোচনা হবে বলে তিনি জানান।
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসায় বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধায় ২০১১ সাল থেকে আটকে থাকা তিস্তা জলবণ্টন চুক্তির সম্ভাবনা নিয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘‘ভারতের উদ্যোগের জন্য ঢাকা বসে থাকতে চায় না। পশ্চিমবঙ্গে এখনও সরকার তৈরি হয়নি এবং তারা কী ভাবছেন, কী করবেন, সেটা তারা যদি না জানান, তাদের ‘মাইন্ড রিড’ করার কাজ আমার না। প্রত্যাশা থাকবে যাতে করে এই চুক্তিটা যেটা হয়েছিল তখন, বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা পুনর্বিবেচনা করতে পারি কিনা। কিন্তু সেজন্য তো বসে থাকা চলবে না, আমাদের কাজ আমাদেরকে করতে হবে।’’
এই সফরের উদ্দেশ্য ও তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা প্রসঙ্গে এক প্রশ্নে খলিলুর রহমান বলেন, ‘‘চীন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বন্ধু দেশ, যার সঙ্গে আমাদের কৌশলগত সহযোগিতার সমঝোতা রয়েছে। আমাদের নতুন সরকারের তরফ থেকে প্রথম চীন সফর।’’
এছাড়া মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর সেখানকার নানা রাজনৈতিক ব্যক্তিদের বাংলাদেশ নিয়ে রাখা বক্তব্য রাজনৈতিক বাগাড়ম্বর (পলিটিক্যাল রেটরিক)।
Comments :0