Assembly 2026 jalpaiguri

করলাভ্যালি চা বাগানে প্রচারে সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মন

জেলা

ছবি- করলাভ্যালি চা বাগানে প্রচারে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রর বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মন

প্রার্থীর নাম ঘোষণা হতেই মঙ্গলবার সকালবেলায় জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের  বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মন শহর সংলগ্ন অরবিন্দ গ্রামপঞ্চায়েত এলাকার করলাভ্যালি চা বাগানে প্রচার করলেন। এদিন সকালে করলাভ্যালি চা বাগানের শ্রমিক- কর্মচারীদের সঙ্গে দেখা করেন দেবরাজ বর্মন। শ্রমিকদের কাজের জায়গায় গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন। 

সঙ্গে ছিলেন সিপিআই(এম) সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার, এই বাগানের সিপিআই(এম)-র পঞ্চায়েত সদস্যা রবিনা মুন্ডা, গোবিন ওরাও, মৃনাল রায়, সঞ্জয় সরকার প্রমুখ। দেবরাজ বর্মন জানান চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি তাদের ন্যূনতম মজুরি এবং বসবাসের জমির পাট্টার দাবি, তিনি জেতার পর বিধানসভায় তুলে ধরবেন। বাগানের কাজের জায়গায় প্রচারের পর দেবরাজ বর্মন বাগানের লাইনগুলিতে বাড়ি বাড়িতে প্রচার করেন। দেবরাজকে কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন চা শ্রমিকরা। শ্রমিকরা এটাও জানান যে, তৃণমূল বিজেপির মালিক তোষণের নীতির বিরুদ্ধে এবার তারা ঐক্যবদ্ধ এবং লাল ঝান্ডাকে তারা ফিরিয়ে আনবেন।সোমবার প্রার্থীর নাম ঘোষণা হতেই জলপাইগুড়ি শহরের বুকে জেলা বামফ্রন্ট কার্যালয়ের সামনে থেকে বামফ্রন্টের  মিছিল জলপাইগুড়ি বিধানসভা ক্ষেত্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মন কে সাথে নিয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। জেলা বামফ্রন্টের দপ্তরের সামনে থেকে মিছিল শুরু হয়ে ডিবিসি রোড, থানা মোড়, মার্চেন্ট রোড, বেগুনটারি উকিলপাড়া মোড় কদমতলা ঘুরে জেলা বামফ্রন্ট কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 


মিছিল শেষে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মন বলেন, রাজ্য ও কেন্দ্র সরকার এসআইআর'র মধ্য দিয়ে খেটে খাওয়া মানুষের নাম বাদ দিয়ে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে গত কয়েক বছরে আলু চাষি থেকে শুরু করে চা শ্রমিক, খেটে খাওয়া মানুষ, ছাত্র যুব সকলের জীবনে অন্ধকার নেমে এসেছে। জাতপাতের রাজনীতির মধ্য দিয়ে মানুষের রুজি রুটির লড়াইকে ভুলিয়ে দিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য বন পাহাড়, জঙ্গল, নদীর পাথর বালি মাটি সব কিছু লুঠ করে নিচ্ছে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা। প্রকাশ্যে সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি নদীতে বসানো হয়েছে ক্রাসার যার ফলে গত বছর অক্টোবরে হঠাৎ  বৃষ্টির কারণে জেলার সমস্ত নদীতে জলস্ফিতি ঘটে, ফলত বানভাসি হয়েছেন বহু মানুষ। এখনও  থেমে নেই এই দুষ্কৃতীরা ক্রমাগত চলছে লুটতরাজ। উত্তরবঙ্গের জল জঙ্গল জমি প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন জনজাতির অংশের মানুষের সম্প্রীতির মধ্যে দিয়েই এই এলাকার সুন্দর পরিবেশ গড়ে উঠেছে। সমগ্র পশ্চিমবঙ্গের সঙ্গে জলপাইগুড়ির মানুষকে বাঁচাতে, ছাত্র যুবদের চাকরির দাবিতে, প্রাথমিক কৃষি শ্রমিক আলু চাষি সহ জলপাইগুড়ির সমস্ত অংশের চাষীদের বাঁচাতে বামফ্রন্ট সরকারের ৩৪ বছরের মানব উন্নয়নের খতিয়ান তুলে ধরে আমরা মানুষের মাঝে প্রচারে যাব আমাদের বিশ্বাস মানুষ তার বেঁচে থাকার লড়াইয়ের বন্ধু হিসেবে আমাদের পাশে থাকবে।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র, জেলা সম্পাদক মন্ডলী সদস্য কৌশিক ভট্টাচার্য, জেলা নেতা বিপুল সান্যাল, সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাজগঞ্জ বিধানসভা ক্ষেত্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী খরেন্দ্র নাথ রায় কে সাথে নিয়ে তালমা হাটে মিছিল করে জনসংযোগ করেন বামফ্রন্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য জিয়াউল আলম, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, জেলা নেতা রীনা সরকার, মোক্তাল হোসেন, রাজগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক রতন কুমার রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। বহু মানুষ এবং ব্যবসায়ীরা এগিয়ে এসে প্রার্থী খরেন্দ্রনাথ রায় কে অভিনন্দন জানানোর পাশাপাশি পাশে থাকার ও অঙ্গীকার করেন।
 

Comments :0

Login to leave a comment